তিন স্থানে যমুনার বাঁধে ভাঙন, আট জেলায় বন্যার অবনতি

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের আট জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বেড়েছে অস্বাভাবিকভাবে। এতে বগুড়ায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তিন উপজেলার প্রায় দেড় শ গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২৫ হাজার পরিবার।
যমুনার পানি বেড়ে জামালপুরে দুই উপজেলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ২০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। ডুবে গেছে শতাধিক হেক্টর জমির রোপা আমন। যমুনার বাঁধ ভেঙেছে সিরাজগঞ্জেও। সেখানে তলিয়ে গেছে তিন গ্রামের ছয় শতাধিক পরিবার।
অবিরাম বৃষ্টি আর ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে গাইবান্ধা ও কুড়িগ্রামে। এ ছাড়া ফরিদপুর, মুন্সিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নতুন করে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।
সব মিলিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলে পানিবন্দী লাখ লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছে। পর্যাপ্ত ত্রাণের অভাবে বেড়েছে তাঁদের খাদ্যসংকট। মানুষ ডায়রিয়া, সর্দি, কাশি ও আমাশয়ে আক্রান্ত হচ্ছে।
বৃহস্পতিবার রাত দুইটার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রোহদহ এলাকায় যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ প্রায় ৬০ মিটার ভেঙে যায়। মধ্যরাতের আকস্মিক এ দুর্যোগে লোকজন জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করে। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। তীব্র স্রোতে ঢুকে পড়া পানি দ্রুত বন্দী করে ফেলে চারদিক থেকে। বাধ্য হয়ে তারা বসতবাড়ির টিনের ছাউনির ওপর, গাছের ওপর মাচা বানিয়ে সেখানে আশ্রয় নিয়ে কোনোরকমে জীবন বাঁচিয়েছে। তবে জীবন ছাড়া আর কিছুই রক্ষা হয়নি। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ভাঙন আরও বেড়ে প্রায় ৬০০ মিটারে পৌঁছায়।
জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সারিয়াকান্দি, গাবতলী ও ধুনট উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় দেড় শ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দুই লাখ মানুষ। শুধু সারিয়াকান্দিতেই পানিতে তলিয়ে গেছে নয় হাজার হেক্টর ফসল। এ ছাড়া অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। যমুনার বাঁধের ভাঙন দিয়ে পানি ঢুকে বাঙ্গালী ও ইছামতীর নদীতে পড়ে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।

পানির তীব্র স্রোতে বগুড়া-চন্দনবাইশা সড়কের তিনটি স্থান ভেঙে গেছে। সেতু ধসে গেছে আরও তিন থেকে চারটি। এতে চন্দনবাইশার সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল দিনভর দুর্গত এলাকায় অবস্থান নিয়ে ত্রাণতৎপরতা তদারক করেন প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা।
বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস প্রথম আলোকে বলেন, দুর্গত এলাকায় বিতরণের জন্য এ পর্যন্ত ১৭৫ মেট্রিক টন চাল ও নগদ সোয়া তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
যমুনার পানি বৃদ্ধির কারণে জামালপুরেও বন্যার ভয়াবহ অবনতি হয়েছে। বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ৩৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭১ সেন্টিমিটার ওপরে উঠেছে। দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকায় যমুনার একটি শাখানদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ২০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। আর যমুনার পানি বেড়ে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও বকশীগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী উপজেলার প্রায় ৬০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। ফলে নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে আরও এক লাখ মানুষ। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট চলছে। সরকারি ত্রাণ সরবরাহ প্রয়োজনের তুলনায় অতি সামান্য।
যমুনার পানি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সদর ইউনিয়নের মেঘাই গ্রামে গতকাল সকাল ছয়টার দিকে মেঘাই রিং বাঁধের ৩০ মিটার ভেঙে গেছে। এতে মেঘাই, কুনকুনিয়া ও পাইকরতলী গ্রামে ছয় শ বাড়িঘর প্লাবিত হয়ে পড়ে। নতুন করে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও ছয় শ পরিবারের ঘরে পানি ঢুকেছে। পানিবন্দী হয়ে পড়েছে সহস্রাধিক মানুষ।
পানিতে সিরাজগঞ্জ-কাজীপুর-সোনমুখী আঞ্চলিক সড়কটির দুটি স্থান তলিয়ে যাওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মেঘাই গ্রামের বিপ্লব মিয়া বলেন, ‘সকালে ঘরে নামাজ পড়তে পড়তে উঠানে পানি দেখলাম। জায়নামাজ থেকে উঠতে উঠতে পানি ঘরের মধ্যে ঢুকতে শুরু করল। ঘরের খাট, বাক্সগুলো উঁচু করতে করতেই চার থেকে পাঁচ ফুট পানি হয়ে গেল।’

বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে গাইবান্ধাতেও। ঘাঘট নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৪ সেমি ও ব্রহ্মপুত্রের পানি ২৫ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ও করতোয়ার পানিও বিপৎসীমা ছুঁই ছুঁই।
গতকাল জেলা শহরের পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকায় ঘাঘটের বন্যানিয়ন্ত্রণ বাঁধে ফাটল দেখা দিয়েছে। ফলে বাঁধের ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আর ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফুলছড়ি উপজেলার সিংড়িয়া-রতনপুর বন্যানিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয় সূত্র জানায়, গতকাল চার উপজেলার এক হাজার ২০টি বসতবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে জেলায় মোট ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৪টিতে।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি আরও বেড়ে বিপৎসীমার ৪৯ সেমি ও ধরলা নদীর পানি বিপৎসীমার ৩৪ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার ৫৬ ইউনিয়নের পাঁচ লক্ষাধিক মানুষ বন্যাকবলিত হয়ে মানবেতর জীবন যাপন করছে।
গতকাল শুক্রবার বিভিন্ন চর ঘুরে দেখা যায়, অনেক বাড়ির চাল পর্যন্ত পানি উঠেছে। পানিবন্দী পরিবারগুলো খাদ্যসংকটে পড়েছে। চাহিদার তুলনায় সরকারি ত্রাণ অপ্রতুল হওয়ায় অনেকে অর্ধাহারে দিনাতিপাত করছে।
জেলা সিভিল সার্জন জয়নাল আবেদিন গতকাল জানান, ২৪ ঘণ্টায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৩৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। দুর্গত এলাকায় কাজ করছে ৮৫টি চিকিৎসা দল।
তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাইকান গ্রামের ৮০টি পরিবারের বসতভিটা ও আবাদি জমি নদীর ভাঙনে বিলীন হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল সালাম জানান, ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ৫০০ টাকা ও ১০ পরিবারকে ২০ কেজি চাল দেওয়া হয়েছে।
নীলফামারী জেলায় তিস্তার অববাহিকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। টানা ১৩ দিন পর গতকাল বিকেলে তিস্তার পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার নিচে নেমে আসে।
রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি গতকাল সাত সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সদর উপজেলা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় নতুন করে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, কয়েক শ একর ফসলি জমি।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে বন্যার পানি আরও বেড়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এতে পানিবন্দী মানুষের দুর্ভোগও বেড়েছে।
[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ও রংপুর; বগুড়া, গাইবান্ধা, মুন্সিগঞ্জ, নীলফামারী, ধুনট (বগুড়া), মাদারগঞ্জ (জামালপুর), সরিষাবাড়ী (জামালপুর), গোয়ালন্দ (রাজবাড়ী) ও সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি এবং জামালপুর সংবাদদাতা৷]