ঝিনাইদহ ও দিনাজপুরের হাকিমপুরে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা গতিরোধক নির্মাণের দাবিতে দুই স্থানেই সড়ক অবরোধ করে। এদিকে ফেনীতে সোমবার রাতে অপর এক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: ঝিনাইদহ: গতকাল সকাল নয়টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জের দুলালমুন্দিয়া নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কলা ব্যবসায়ী শাহিনকে (২৫) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ট্রাকচালকের সহকারী কবির (২৮) গুরুতর আহত হন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর কবির মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই স্থানে গতিরোধক নির্মাণের দাবিতে টায়ারে আগুন ধরিয়ে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দুই দিকে শতাধিক গাড়ি আটকা পড়ে। পরে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিম ও কালীগঞ্জ থানার ওসি ফারুক হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।হাকিমপুর (দিনাজপুর): মোটরসাইকেলে চড়ে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল হাকিমপুরের পালপাড়া গ্রামের মাহবুব আলমের ছেলে শিমুল হোসেন (৭)। গতকাল উপজেলা পরিষদ গেটের কাছে এলে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে শিমুল নিহত ও তার বাবা মোটরসাইকেল চালক মাহবুব আলম আহত হন। শিমুল হাকিমপুর শিশু নিকেতনের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে ভাঙচুর করে এবং সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত হিলি-জয়পুরহাট সড়ক অবরোধ করে রাখে। পরে বিকেল চারটার দিকে উপজেলা প্রশাসন গতিরোধক স্থাপনের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। ফেনী: গত সোমবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজারের পাশে একটি দ্রুতগামী ট্রাক জসিম উদ্দিন (২৮) নামে এক ব্যক্তিকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জসিম ফেনীর দাগনভূঁঞা উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা।