তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ময়মনসিংহের ভালুকা, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক অ্যাম্বুলেন্স চালকসহ তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও কুমিল্লার দাউদকান্দি ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান,
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি এলাকায় গতকাল বেলা দুইটার দিকে ঢাকাগামী একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ও ময়মনসিংহগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক আশরাফুল ইসলাম খান (২৩) নিহত হন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না।
ভালুকা মডেল থানার ওসি গোলাম সারোয়ার বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার কানরায় গতকাল বিকেল চারটায় পিকআপের সঙ্গে একটি বাসের সংঘর্ষে একজন নিহত এবং ছয়জন আহত হন।
হাইওয়ে পুলিশ জানায়, চাঁদপুরের কচুয়া উপজেলার তেতুইয়া এলাকার সাত মাছ ব্যবসায়ী রাজধানীর কারওয়ান বাজারে মাছ বিক্রির পর পিকআপে করে ফিরছিলেন। কানরা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে পিকআপের আরোহী কচুয়া উপজেলার তেতুইয়া গ্রামের মাছ ব্যবসায়ী জাকির হোসেন (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। বাকি ছয় ব্যবসায়ী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় পাঠানো হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জোবায়েদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আলমনগরে গতকাল দুপুর ১২টায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হন। নিহত ব্যক্তির নাম মিজান মিয়া (২৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আবদুল কুদ্দুস মিয়ার ছেলে। আহত ব্যক্তির নাম পরশ মিয়া (২৫)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মিজান ও পরশ মোটরসাইকেলে করে যাত্রাপুর থেকে আশুগঞ্জ বাজারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত মিজানকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
আশুগঞ্জ থানার ওসি আবু জাফর বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছেন।