তিন স্থানে সেতুর অভাব এলাকাবাসীর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে বুড়িতিস্তা, রংপুরের বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী এবং সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন বলেশ্বর নদে সেতুর অভাবে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড়: দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের তিস্তাপাড়া ও চিলাহাটিপাড়া গ্রামের মধ্যে বুড়িতিস্তা নদীতে সেতু না থাকায় ১৩টি গ্রামের ১০ হাজার মানুষকে ১০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়।সরেজমিনে দেখা গেছে, বুড়িতিস্তা নদীতে স্থানীয় লোকজন একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছে। চিলাহাটিপাড়া গ্রামের মো. মোশারফ হোসেন (৭৫) জানান, বাইসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন এই সাঁকো দিয়ে পারাপার করা যায় না। ফলে কৃষিপণ্য বাজারে নিতে একমাত্র সাইকেলই শেষ ভরসা। অথচ এখানে সেতু হলে মাত্র দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে সহজেই উপজেলা সদরে পৌঁছানো যেত। সময়ও লাগত ১০-১৫ মিনিট।চিলাহাটিপাড়া গ্রামের রিকশাভ্যানচালক সফিজুল ইসলাম বলেন, আগে ঘাড়ে করে বস্তা পার করতে হয়, তারপর রিকশাভ্যানে করে বস্তা নিয়ে যেতে হয়। এতে সময় ও অর্থ বেশি লাগে। বর্ষায় ১০ কিলোমিটার ঘুরে যেতে হয়।ট্রেপীগঞ্জ ইউপির চেয়ারম্যান মো. গোলাম রহমান সরকার বলেন, বুড়িতিস্তা নদীতে একটি সেতুর খুবই প্রয়োজন। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে একাধিকবার জানানো হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, এখানে সেতু নির্মাণের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রয়োজনীয় অর্থের বরাদ্দ পেলেই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।বদরগঞ্জ (রংপুর): যমুনেশ্বরী নদীর কারণে উপজেলার কাশিগঞ্জ, নাওপাড়া, বগুড়াপাড়া, হিন্দুপাড়া গ্রামসহ ১১টি গ্রামের লোকজনকে ৭ থেকে ১২ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যেতে হয়।কাশিগঞ্জ গ্রামের হবিবর রহমান (৪৮) বলেন, ‘নদীটার ওই পারে শহর আর এই পারে হামার গেরাম (গ্রাম)। বাড়ি থাকি শহর দেখা যায়। অথচ এই শহরোত যাইতে হামাক ঘুরবার নাগে সাত-আট মাইল আস্তা (রাস্তা)। হাতের তালার (তালুর) শহরটা অনেক দূর। নদীত বিরিজটা (সেতু) দেলেই শহর আর গেরাম এক হয়। দূর হয় কষ্ট।’ কাশিগঞ্জ গ্রামের বাসিন্দা বদরগঞ্জ পৌরসভার কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর ইসলাম (৫০) বলেন, ‘আমার বাড়ি থেকে বাইসাইকেলে স্কুলে যেতে সময় লাগার কথা সাত মিনিট। কিন্তু নদীতে সেতু না থাকায় বোর্ডঘরা সড়ক দিয়ে সাত কিলোমিটার ঘুরে যেতে সময় লাগে এক ঘণ্টা।’উপজেলা প্রকৌশলী এ কে এম সাদেকুর রহমান বলেন, ‘সেতু নির্মাণের বিষয়টি নীতিনির্ধারকদের ব্যাপার।’ স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল বলেন, ‘ওই স্থানে সেতু নির্মাণের বিষয়টি বিবেচনাধীন আছে।’সিরাজগঞ্জ: শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়ন পরিষদের পোতাজিয়া পূর্বপাড়া গ্রামে চার শতাধিক পরিবারের বসাবাস। তা ছাড়া এই গ্রামের ওপর দিয়ে ছয়টি গ্রামের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করে। কিন্তু গ্রামের পাশের বলেশ্বর নদে রয়েছে বাঁশের সাঁকো। গ্রামবাসী সূত্রে জানা যায়, নড়বড়ে ওই সাঁকো দিয়ে যাতায়াতে গ্রামবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে এসব গ্রামের লোকজনকে ১০ কিলোমিটার ঘুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের বাঘাবাড়ী-দিলরুবা-পোতাজিয়া সড়ক দিয়ে চলাচল করতে হয়। পোতাজিয়া ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ওই এলাকায় একটি সেতু নির্মাণ জরুরি। সামনের অর্থবছরে একটি প্রকল্প গ্রহণ করে পাঠানো হবে। শাহজাদপুর উপজেলা প্রকৌশলী শিবশংকর সাহা জানান, স্থানীয় সাংসদের তালিকানুযায়ী একটি প্রস্তাব এলজিইডির প্রকৌশলীর প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পর সেতুর দরপত্র আহ্বান করা হবে।