তিন স্থানে স্কুলছাত্রসহ চারজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম ও দাউদকান্দি এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক ঘটনায় স্কুলছাত্রসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। চৌদ্দগ্রাম: গতকাল রোববার স্কুলছাত্রসহ দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কাশীনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের শাহজাহানের ছেলে ও জামুয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাহ পরান (১৪) গত শনিবার ছাত্রাবাসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাত ১২টার দিকে তার দাদা আবদুর রশিদ পুকুরপাড়ে শাহ পরানের লাশ দেখতে পান। শাহ পরানের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। অপরদিকে পৌর এলাকার দক্ষিণ ফালগুনকরা গ্রামের আলী আজমের ছেলে আলী আকবরের (২২) লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তিনি গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম জানান, চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো মর্গে পাঠানো হয়েছে।দাউদকান্দি: উপজেলার বিটেশ্বর গ্রামে বিলকিস আক্তার (৩৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ দিন নিখোঁজ থাকার পর শনিবার সকালে বাড়ির পাশের খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আলী আহমেদ ভূঁইয়ার মেয়ে। ১২ মার্চ রাতে তিনি নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। এদিকে বিলকিস হত্যার ঘটনায় গতকাল রোববার বিকেলে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করেছে স্থানীয় ভূমিহীন নামে একটি সংগঠন। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সরাইল: নাসিরনগরে দুলেনা আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক পূর্বপাড়া গ্রামে স্বামীর বাড়ির পাশে একটি গাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকড়ি গ্রামের মিলন মিয়ার মেয়ে দুলেনা আক্তারের সঙ্গে চার বছর আগে ফান্দাউক পূর্বপাড়া গ্রামের আলেখ শাহর বিয়ে হয়। সন্তান না হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। নাসিরনগর থানার ওসি মো. আবদুল কাদের জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।