তিন স্থানে সড়ক দুর্ঘটনা চারজন নিহত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গতকাল মঙ্গলবার ট্রাকের চাপায় হাবিবুর রহমান (৪৮) নামের এক পুলিশ কনস্টেবল ও সদর উপজেলায় বাসের চাপায় অজ্ঞাতনামা এক বাইসাইকেল চালক (৬০) নিহত হয়েছেন। একই দিন লালমনিরহাট শহরে ট্রাকের চাপায় রুবিনা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী প্রাণ হারিয়েছেন।
এ ছাড়া গত সোমবার সন্ধ্যায় রাজশাহীর বাগমারা উপজেলায় ভটভটি উল্টে শহিদুল ইসলাম (২০) নামের এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ইকবাল হোসেন জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার হরিণচড়া এলাকায় দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল হাবিবুর রহমান। মঙ্গলবার ভোর চারটার দিকে একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই হাবিবুর মারা যান। হাবিবুর হাটিকুমরুল হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ত্রিশাল এলাকার আলতাফ হোসেনের ছেলে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই দিন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটিতে বাসের চাপায় এক বাইসাইকেল আরোহী (৬০) নিহত হন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। উভয় ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে ও সদর থানায় পৃথক মামলা হয়েছে।
লালমনিরহাট: স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে জেলা শহরের পূর্ব সাপটানা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রুবিনা আক্তার স্কুলে যাচ্ছিল। স্কুলের ৩০০ গজ পশ্চিমে লালমনিরহাট-কুলাঘাট আঞ্চলিক সড়কে একটি ট্রাক তাকে চাপা দেয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। রুবিনাকে চাপা দিয়ে চলে যাওয়ার সময় ১০০ গজ দূরে গিয়ে ট্রাকটি বাদশা আলম (২০) নামের এক কলেজছাত্রকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাদশা লালমনিরহাট শহরের আদর্শ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সদর উপজেলার গ্রামীণ ব্যাংক মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় ব্যক্তিরা ট্রাকটি আটক করেন এবং যানটির চালককে পুলিশের হাতে তুলে দেন। লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মনছুর আলী জানান, নিহত রুবিনা আক্তারের বাবা ফজলুল হক বাদী হয়ে ট্রাকটির চালক শাহজাহান আলীকে আসামি করে মামলা করেছেন। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মো. সুরুজ মিয়া বলেন, লালমনিরহাট-কুলাঘাট সড়কের জরুরি মেরামতকাজের সামগ্রী বহন করা ট্রাকটি দুর্ঘটনাটি ঘটিয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।
বাগমারা (রাজশাহী): প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম, শাহিন, শাকিল ও জাহেদুল ইসলাম নামের চারজন ব্যবসায়ী সোমবার সন্ধ্যায় ডিম নিয়ে ভটভটিতে করে বাগমারা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। নন্দনপুর বাজার এলাকায় সামনে থেকে আসা একটি বাসকে পাশ কাটাতে গিয়ে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই ডিম ব্যবসায়ী শহিদুল মারা যান। চালকসহ আহত অপর ব্যবসায়ীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। চালক বাদে হতাহত ব্যক্তিদের সবাই চাঁপাইনবাবগঞ্জের আরামবাগের বাসিন্দা।