তিন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
বগুড়ার দুপচাঁচিয়া, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও মাদরীপুরে গতকালবৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: মাদারীপুর : ঢাকাগামী একটি বাস রাজৈর উপজেলার বৌলগ্রামের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে পৌঁছালে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। বিপরীত দিক থেকে আসা একটি বাসের পাশ কাটিয়ে যেতে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের সুপারভাইজার শাহ আলম (৪০), সোহান (১২) ও অজ্ঞাত এক যাত্রী (৩০) ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাসের প্রায় ২৫ যাত্রী। আহত ব্যক্তিদের মধ্যে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান (৫০) ও ডা. পিযুষ মন্ডল (৩৫) রয়েছেন। দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার চৌমুহনী বাজারে সকালে একটি ভটভটি উল্টে এর আরোহী তাজিম মণ্ডল (৪০) নিহত ও শামিম আহম্মেদ (১৫), আজিজার রহমান (১৮) আহত হয়েছেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কে শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া নামের স্থানে সকাল সাড়ে নয়টায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসচালক মো. আসলাম মিয়া ঘটনাস্থলেই মারা যান। অজ্ঞাতনামা এক বাসযাত্রীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া যাত্রী আমিরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।