তিন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। একই দিন হবিগঞ্জের বাহুবলে বাসের চাপায় এক নারী এবং সুনামগঞ্জের ধরমপাশায় সড়ক দুর্ঘটনায় এক ঠেলাচালক নিহত হন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
হাজীগঞ্জ (চাঁদপুর): গতকাল সকাল আটটায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের আল-আকবার একাডেমির সামনে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইকের চালক আকতার হোসেন (২৫) নিহত হন। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের আবুল কালামের বড় ছেলে।
হবিগঞ্জ: গতকাল বেলা একটার দিকে বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন মল্লিকা চান বিবি (৫৫) নামের এক পথচারী। এ সময় একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মল্লিকা নিহত হন। তিনি বাহুবল উপজেলার পশ্চিম বিজলী গ্রামের আবদুল মন্নাফের স্ত্রী।
ধরমপাশা (সুনামগঞ্জ): গতকাল সকালে কালাগড় গ্রাম থেকে ঠেলাগাড়িতে করে গাছের কয়েকটি গুঁড়ি নিয়ে ইউসুফ আলী (৩৫) মহিষখলা বাজারের উদ্দেশে রওনা দেন। কিন্তু কালাগড় গ্রামের পেছনের খাল পার হওয়ার সময় ঠেলাগাড়িটি উল্টে গেলে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে মারা যান ইউসুফ।