তিন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
লালমনিরহাট, সিরাজগঞ্জ ও বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:লালমনিরহাট: গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় লালমনিরহাট সদর উপজেলার হাঁড়িভাঙ্গা মাজার এলাকায় বাসের ধাক্কায় রুবেল আহম্মেদ নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত রুবেল লালমনিরহাট রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। সিরাজগঞ্জ: তাড়াশে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে জুয়েল শেখ (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি তাড়াশের বিনসাড়া গ্রামে। শনিবার বিকেলে তাড়াশ থানা ভবনের সামনে ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের চালক জুয়েল। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। শেরপুর (বগুড়া): সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সিএনজি অটোরিকশার চালক সুইট হোসেন (৩৫)। তাঁর বাড়ি উপজেলার কুসুম্বী ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামে। ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার দশমাইল এলাকায় শনিবার রাত সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে।