তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গতকাল শুক্রবার আলমসাধুর ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। একই দিন ফরিদপুরের ভাঙ্গা ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় গতকাল সকাল ১০টার দিকে একটি শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান আলমসাধু রাস্তা পার হওয়ার সময় মুজাহিদ (৫) নামের এক শিশুকে ধাক্কা দেয়। এতে মুজাহিদ মারা যায়। সে লোকনাথপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। ফরিদপুর: গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌর শহরের মৎস্য আড়ত এলাকায় একটি পিকআপের চাপায় হরিপদ মালো (৫০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি গ্রামে।
গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারিজের সামনে গাড়িচাপায় ট্রাকচালকের সহকারী মো. হোসেন শেখ (২২) নিহত হয়েছেন। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কাজীপাড়া গ্রামের মো. হানিফ শেখের ছেলে।