তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
জয়পুরহাট সদর ও কুড়িগ্রামের নাগেশ্বরীতে গতকাল সোমবার দুজন নিহত ও একজন আহত হয়েছে। গত রোববার নীলফামারীর সৈয়দপুরে বাসের চাপায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের এক বিক্রয় প্রতিনিধি নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:জয়পুরহাট: গতকাল সকালে নওগাঁর সদর উপজেলার ধোপাইপুর গ্রামের শরাফত আলীর ছেলে স্বপন (২৭) ও একই গ্রামের সামছুজ্জোহা (৪০) বাড়ি থেকে মোটরসাইকেলে করে কালাই বাজারে ধান কেনার জন্য যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে সদর উপজেলার বিসিক-বটতলী সড়কের ধারকী এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপন মারা যান। সামছুজ্জোহাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাগেশ্বরী (কুড়িগ্রাম): নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌরসভার মাছুরখামারে গতকাল সকাল নয়টায় একটি যাত্রীবাহী বাস বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেলের আরোহী মাছুরখামার গ্রামের ওফছার আলী কবিরাজ (৮৫) মারা যান। ঘটনার পর স্থানীয় লোকজন এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুর-ঢাকা মহাসড়কের কামারপুকুর বাজার এলাকায় গত রোববার যাত্রীবাহী বাসের চাপায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের সৈয়দপুর উপজেলা বিক্রয় প্রতিনিধি আবদুল মান্নান নিহত হন। তাঁর বাড়ি সৈয়দপুর উপজেলার জানেরপাড় গ্রামে। ঘটনার পর উত্তেজিত জনতা কামারপুকুর বাজারে বাসটি ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে রাখে। রাত ১০টার দিকে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসার পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী।