তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
বাগেরহাটের কচুয়া, যশোর ও নীলফামারীর ডিমলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: বাগেরহাট-পিরোজপুর সড়কের কচুয়ার শ্রীরামপুর এলাকায় গতকাল রাস্তার পাশের গাছের সঙ্গে মালবোঝাই একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে ট্রাকের আরোহী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাছবাড়ি গ্রামের মো. রফিকুল ইসলাম (৫০) ও চালকের সহকারী বরগুনার পাথরঘাটা উপজেলার লেমুয়া গ্রামের বশির হাওলাদার (২৬) নিহত হন। ট্রাকটি পাথরঘাটা থেকে ঢাকা যাচ্ছিল। ট্রাকের চালক পালিয়ে গেছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যশোর: যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় গতকাল ট্রাকের চাপায় পারা বিবি (৪৫) নামের এক গৃহপরিচারিকা নিহত হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি ঝিকরগাছা উপজেলার বারাকপুরে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।নীলফামারী: ডিমলা উপজেলার ডাঙ্গারহাট সড়কের কামারেরডাঙ্গা এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে মাহফুজার রহমান (৩৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই বাসের চালকের সহকারী ছিলেন। তাঁর বাড়ি জলঢাকা উপজেলার গোলমুন্ডা গ্রামে।