তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ, ফরিদপুর ও খুলনায় পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র, কৃষক, পিকআপ ভ্যানের চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ইকরাম হোসেন জানান, গোপীনাথপুরের কাজী জহুরুল হক কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মারুফ মোল্লা (১৭) গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কলেজে আসছিল। কলেজের সামনে টুঙ্গিপাড়া থেকে ঢাকাগামী বিআরটিসির একটি বাস নছিমনকে জায়গা দিতে গিয়ে মারুফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত মারুফ সদরের চন্দ্রদিঘলিয়া গ্রামের আবুল বাশার মোল্লার ছেলে।বিকেল পাঁচটায় কাশিয়ানী উপজেলার মাজরা বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পারাপারের সময় কোটালীপাড়াগামী সুবর্ণ পরিবহনের একটি বাস হেমায়েত হোসেন ওরফে বকুকে (৬৫) চাপা দেয়। কাশিয়ানী হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত হেমায়েতের বাড়ি মাজরা গ্রামে।ফরিদপুর: ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মজিবর রহমান জানান, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভাঙ্গা পৌর এলাকার খাড়াকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কের একটি যানবাহনে চাপা পড়ে পবিত্র পাল (২৬) নামের এক পথচারীর মৃত্যু হয়। নিহতের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়। রাত আটটার দিকে একই সড়কের ঘারুয়া ইউনিয়নের বামনকান্দায় খুলনা থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সামনের বাঁ পাশের চাকা ফেটে গেলে পিকআপটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চালক রানা মিয়া (৩১) গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ রানাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ডুমুরিয়া (খুলনা): উপজেলার মেছাঘোনায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গতকাল বেলা পৌনে একটায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় কৃষক বাবুল হাওলাদার (৪৫) নিহত হন। আহত হন মোটরসাইকেল চালক আসাদুল শেখ (২২)।