তিন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা, টাঙ্গাইলের কালিহাতী ও কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় গত দুই দিনে ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
ময়মনসিংহ: তারাকান্দা থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সূত্রে জানা যায়, তিন বছর পর গতকাল শুক্রবার ভোরে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে বিদেশ থেকে ফিরে আসেন নেত্রকোনার আটপাড়া উপজেলার চারিয়া গ্রামের মো. কাউসার (২৫)। রাজধানী ঢাকায় বিমানবন্দর থেকে তাঁকে আনতে যান বাবা শামছুদ্দিন ও ভাই রিপন। একটি গাড়িতে করে বাড়ি ফেরার পথে বেলা ১১টার দিকে তারাকান্দার কাশিগঞ্জ বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন তাঁরা। নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাউসার ও গাড়ির চালক শাহীন (২৬) নিহত হন। আহত শামছুদ্দিন ও রিপনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা বলেন, বাসটি থানায় রাখা হয়েছে। কাউসারের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা তিন যাত্রী নিহত এবং চালকসহ আরও দুজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ বলেন, ঢাকাগামী একতা এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটির ধাক্কায় অটোরিকশায় থাকা চালকসহ ছয়জনই আহত হন। তাঁদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান। এঁদের মধ্যে দুজন হলেন সিএনজিচালক সুজা উদ্দিনের ছেলে জাহিদ হোসেন ও টাঙ্গাইল সদর উপজেলার চর হুগরা গ্রামের দবির উদ্দিন। নিহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।
দাউদকান্দি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিশা পরিবহনের ওই বাসটির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ফেনী সদরের রামপুর গ্রামের লুৎফুল করিমের স্ত্রী সানজিদা খাতুন (৪২) ঘটনাস্থলেই নিহত হন। মায়ের সঙ্গে থাকা দুই ছেলে জাহিদ ও শাহাদাত এবং অ্যাম্বুলেন্সের চালক রুবেল গুরুতর আহত হন। তাঁদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কের দাউদকান্দির পেন্নাই এলাকা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বাসটি আটক করা হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।