তিন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় গতকাল মঙ্গলবার বাস উল্টে এর সুপারভাইজার নিহত ও ছয়জন আহত হয়েছেন। মৌলভীবাজারের কমলগঞ্জ ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিশুসহ দুজন নিহত হয়েছেন।
চান্দিনায় নিহত ব্যক্তি হলেন তিশা পরিবহনের সুপারভাইজার আজাদুর রহমান (৪৫)। তাঁর বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল গ্রামে। কমলগঞ্জে নিহত শিশুর নাম শামীম (৫)। সে ভানুগাছ এলাকার সাজু মিয়ার ছেলে। পাকুন্দিয়ায় নিহত ব্যক্তির নাম রউফ মিয়া (২৫)। তিনি পেশায় ভ্যানচালক। তিনি বীরকুর্শা গ্রামের রইছ উদ্দিনের ছেলে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর:
কুমিল্লা: ময়নামতি মহাসড়ক থানার ওসি আবদুল আউয়াল বলেন, ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি বাস চান্দিনার গোবিন্দপুর এলাকা পার হচ্ছিল। বাসটি ওই এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এ সময় বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে আজাদুর রহমান মারা যান।
কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জ থানার এসআই লিটন পাল বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী আমেনা বেগম (৩০) ও তাঁর ছেলে শামীম ছিটকে রাস্তায় পড়ে। ঘটনাস্থলেই শামীম মারা যায়।
কিশোরগঞ্জ: গতকাল দুপুরে দাউদপুর এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি একটি ভ্যানগাড়িকে চাপা দিলে এর চালক রউফ আহত হন। স্থানীয় লোকজন কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।