তিন স্থানে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে গতকাল বৃহস্পতিবার বাসের চাপায় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাসিন্দা সেনাসদস্য তৌহিদুল ইসলাম (৩০), কুমিল্লার কোতোয়ালি থানার ছোটরা এলাকার হাবিবুর রহমান (৪০) ও শাহরাস্তি উপজেলার উপলতা গ্রামের শামীম আহম্মেদ (২০)।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যার দিকে সেনাসদস্য তৌহিদুল ইসলাম মোটরসাইকেলে ঢাকা থেকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিজের বাড়িতে ফিরছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তৌহিদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি রংপুর সেনানিবাসে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। এ ঘটনার পর স্থানীয় লোকজন রায়মনি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান সড়ক দুর্ঘটনায় তৌহিদুল ইসলামের নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া: পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা দেড়টার দিকে মোটরসাইকেলে হাবিবুর ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিলেন। কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকার লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সামনে এলে পেছন দিক থেকে একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর নিহত ও মোটরসাইকেল চালক বিদ্যুৎ মিয়া গুরুতর আহত হন।
হাজীগঞ্জ (চাঁদপুর): গতকাল বিকেলে শামীম তাঁর বড় ভাই সুমন ও বন্ধু রাসেলকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে হাজীগঞ্জ বাজারে রওনা হন। বিকেল চারটায় মেহের স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যান।