তিন স্থানে ১০৭ ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি গ্রামে গতকাল শনিবার অগ্নিকাণ্ডে ৭৬টি ঘর পুড়ে গেছে। একই দিন পাবনা সদরে ১৬টি ঘর এবং নাটোর সদর ও গুরুদাসপুর উপজেলায় ১৫টি ঘরসহ সর্বস্ব পুড়ে গেছে। ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:সৈয়দপুর (নীলফামারী): গতকাল সকাল নয়টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শাসকান্দর শরৎপাড়া গ্রামের নজীর মুন্সির বাড়িতে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে একে একে ওই গ্রামের ২৬টি পরিবারের ৭৬টি ঘর পুড়ে যায়।বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার জানান, অগ্নিকাণ্ডে ওই গ্রামে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের পর খোলা আকাশের নিচে ঠাঁই নেওয়া পরিবারগুলোর জন্য উপজেলা প্রশাসন ও ইউপির উদ্যোগে খাবারের ব্যবস্থা করা হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। তিনি জানান, শিগগিরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাবনা: গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার রানীগ্রামের হোসেন আলীর বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে আটটি বাড়ির ১২টি ঘর, ঘরে থাকা আসবাব ও ফসলাদি পুড়ে যায়। এ ছাড়া একটি বাড়িতে বেঁধে রাখা দুটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে পাবনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ভোর পাঁচটার দিকে একই উপজেলার সিঙ্গা গাংখোলা পশ্চিমপাড়া গ্রামে জহুরুল ইসলামের গোয়ালে আগুন লাগলে দুটি বাড়ির চারটি ঘর পুড়ে যায়। গুরুদাসপুর (নাটোর): গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুবজীপুর চরপাড়া গ্রামের দুখু মিয়ার বাড়িতে আগুন লাগে। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দুখু মিয়ার ঘরসহ ছাবেদুল, শরিফুল, মন্টু ও ঠান্টুর আধা পাকা নয়টি টিনের চালা ও টিনের বেড়ার ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, আগুনে ওই পরিবারগুলোর ঘরে রাখা ১৮০ মণ গম, ২০ মণ মসুর ডাল, ১০০ মণ চাল, ১৫০ মণ রসুনসহ যাবতীয় আসবাব ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের নাটোর প্রতিনিধি জানান, সকালে সদরের তেবারিয়া উত্তরপাড়ার কার্তিকের বাড়িতে আগুন লাগলে তা মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় কার্তিক, শংকর, মিন্টু, লক্ষ্মণ ও অনিলের বাড়ির ছয়টি ঘর পুড়ে যায়। এতে নগদ এক লাখ ২০ হাজার টাকাসহ একটি গবাদিপশুও অগ্নিদগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।