তিন স্থানে 'বিদ্রোহী'রা তৎপর
মৌলভীবাজারের চারটি পৌরসভার তিনটিতে ‘বিদ্রোহী’ প্রার্থীরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেছেন। এর মধ্যে বড়লেখায় আওয়ামী লীগ ও বিএনপির, কুলাউড়ায় আওয়ামী লীগ এবং কমলগঞ্জে বিএনপির ‘বিদ্রোহী’রা মাঠে জোরেশোরে প্রচার চালাচ্ছেন। মৌলভীবাজারে কোনো ‘বিদ্রোহী’ প্রার্থী নেই।
বড়লেখা আওয়ামী লীগের সূত্র জানায়, এখানে দলটির উপজেলা কমিটির যুব ও ক্রীড়া-বিষয়ক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর কমিটির সদস্য আবদুর নূর নির্বাচন করছেন। আবুল ইমাম মো. কামরান চৌধুরী গত সোমবার বলেন, ‘আমার জন্য এটা কোনো সমস্যা না। দল ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মী আমার সঙ্গে আছেন।’
বিএনপির স্থানীয় সূত্র জানায়, বড়লেখায় দল থেকে পৌর কমিটির সভাপতি আনোয়ারুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়। এ সিদ্ধান্তের বাইরে গিয়ে সাবেক কাউন্সিলর ও বিএনপির নেতা মতিউর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আনোয়ারুল ইসলাম বলেন, ‘গত নির্বাচনে ওই বিদ্রোহী প্রার্থীর এলাকায় বিএনপির বিজয়ী মেয়র ৫৭টি ভোট পেয়েছিলেন। তাঁর এলাকার ভোট আওয়ামী লীগ ও স্থানীয়রা পায়। এবার দলীয় প্রতীক হওয়ায় আমি ৫৭টি নয়, আরও বেশি ভোট পাব।’
কুলাউড়া আওয়ামী লীগের সূত্র জানায়, এখানে দল থেকে উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনবারের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমানকে মনোনয়ন দেওয়া হয়। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা কমিটির সদস্য শফি আলম ইউনুছ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
এ কে এম সফি আহমদ সলমান বলেন, ‘বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের ভোট কমাবে। উনি বসে যেতেন। কিন্তু দলের কিছু নেতা তাঁকে জোর করে রেখেছেন। তবে জনগণের ওপর আমার আস্থা আছে। আমার জয় নিশ্চিত।’
কমলগঞ্জ বিএনপির সূত্র জানায়, এখানে দল থেকে বর্তমান মেয়র আবু ইব্রাহীম জমসেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের বাইরে গিয়ে দলের উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হাছিন আফরোজ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
আবু ইব্রাহীম জমসেদ বলেন, ‘গতবারও আমি বিএনপির সমর্থিত প্রার্থী ছিলাম। কিন্তু দলের মার্কা ছিল না। তিনিও সেবার (বিদ্রোহী প্রার্থী) প্রার্থী ছিলেন। আমার জিততে সমস্যা হয়নি। আমার দায়িত্ব পালনের সময় কোনো দাগ লাগেনি। আশা করি মানুষ মূল্যায়ন করবে।’
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুকিত বলেন, বিদ্রোহীদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন, এখন পর্যন্ত কেন্দ্র থেকে বিদ্রোহীদের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি।