তিন স্বজনকে উদ্ধার করে তলিয়ে গেলেন তিনি
জামালপুর সদরের ব্রহ্মপুত্র নদে গতকাল শনিবার নৌকা থেকে পড়ে যায় ১২ বছরের একটি মেয়ে। তাকে উদ্ধারে পানিতে ঝাঁপিয়ে পড়েন আরও দুই নারী। এই তিন স্বজনকেই উদ্ধার করেন পুলিশের এক সদস্য। কিন্তু তিনি নিজে আর নৌকায় উঠে আসতে পারেননি। তলিয়ে যান ব্রহ্মপুত্রের পানিতে। তাঁর নাম নূর উদ্দিন। বাড়ি উপজেলার মাঝপাড়া গ্রামে।নূর উদ্দিনের পারিবারিক সূত্রে জানা গেছে, এক মাসের ছুটি নিয়ে নূর উদ্দিন ৭ নভেম্বর গ্রামের বাড়ি আসেন। গতকাল বেলা ১১টার দিকে শ্বশুরবাড়ির কয়েকজন আত্মীয়কে নিয়ে তিনি বাড়ির কাছে ব্রহ্মপুত্র নদে নৌকা ভ্রমণে বের হন। নৌকাটি তীর থেকে কিছু দূর যাওয়ার পর নূর উদ্দিনের ওই শ্যালিকা নৌকা থেকে পানিতে পড়ে যায়। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথম আলোকে জানান, অনেক খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত নূর উদ্দিনের খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে ঢাকায় পুলিশ সদর দপ্তরে ডুবুরি দল চেয়ে তারবার্তা পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নূর উদ্দিন ঢাকায় পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন।