তিন সড়কে চার দিন ধরে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে চার দিন ধরে তিনটি সড়কপথে সরাসরি গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সড়ক তিনটি হচ্ছে গোরকঘাটা-জনতাবাজার, গোরকঘাটা-শাপলাপুর ও মাতারবাড়ি-জনতাবাজার। গত মঙ্গলবার পাহাড়ি ঢলে ওই তিনটি সড়কের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় এবং একটি কালভার্ট বিধ্বস্ত হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের জনগণকে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়কের ছয়টি কালভার্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গত ১৪ মে পাহাড়ি ঢলের কারণে উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর ও ষাইটমারা এলাকার দুটি কালভার্ট বিধ্বস্ত হওয়ার পর থেকে এ সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ষাইটমারার কালভার্টটি পুনর্নির্মিত হলেও দিনেশপুরের কালভার্টটি সংস্কার করা হয়নি। বিধ্বস্ত কালভার্টের ওপর কাঠ বিছিয়ে এত দিন কোনো রকমে গাড়ি যাতায়াত করলেও মঙ্গলবার সকালে পাহাড়ি ঢলে তা ভেসে যায়। এরপর থেকে গোরকঘাটা-শাপলাপুর সড়ক দিয়ে সরাসরি গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে গোরকঘাটা-জনতাবাজার ও মাতারবাড়ি-জনতাবাজার সড়কের বিভিন্ন স্থান ভেঙে যাওয়ায় ওই দুটি সড়কে সরাসরি গাড়ি চলাচল বন্ধ রয়েছে। গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ কালভার্টগুলো সংস্কার না হওয়ায় গোরকঘাটা-শাপলাপুর-জনতাবাজার সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া এলাকায় সড়কের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এ কারণে যাত্রীরা দুটি স্থানে গাড়ি বদলে যাতায়াত করছেন। একই অবস্থা গোরকঘাটা-জনতাবাজার সড়কের। এ ছাড়া মাতারবাড়ি-জনতাবাজার সড়কের মাতারবাড়ি সেতুর পূর্বপ্রান্তের বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় এ সড়ক দিয়ে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।এ ছাড়া হোয়ানক ইউনিয়নের পানিরছড়া থেকে মোহরাকাটা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ভেঙে যাওয়া সড়ক জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ থাকার কথা স্বীকার করে উপজেলা উপসহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ বলেন, একটি বিধ্বস্ত কালভার্ট ও ভেঙে যাওয়া সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন সড়ক ভেঙে যাওয়ায় সরাসরি গাড়ি যোগাযোগ বন্ধ রয়েছে। ভেঙে যাওয়া সড়ক ও বিধ্বস্ত কালভার্ট জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।