তিন সড়কে ছাত্রসহ চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলাপাড়া-পটুয়াখালী, বাগেরহাট-খুলনা ও ফরিদপুর-আলফাডাঙ্গা সড়কে গত দুই দিনে দুর্ঘটনায় কলেজছাত্রসহ চারজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:কলাপাড়া (পটুয়াখালী) ও আমতলী (বরগুনা): গতকাল রোববার সকাল সাতটার দিকে কলাপাড়া-পটুয়াখালী সড়কের বান্দ্রায় সড়ক দুর্ঘটনায় সিদ্দিকুর রহমান (৩০) ও আবদুল হক (৬৫) নামের দুই ব্যক্তি মারা গেছেন। যশোর থেকে কলাপাড়ার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস বান্দ্রা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সিদ্দিকের বাড়ি মহীপুর বন্দরে এবং আবদুল হকের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে।বাগেরহাট: শনিবার রাতে বাগেরহাট-খুলনা সড়কের বারাকপুর বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় ফয়সাল সরদার (২১) নামের মোটরসাইকেলের এক চালক নিহত ও তাঁর সহযাত্রী লালু শেখ (১৯) আহত হয়েছেন। ফয়সাল বাগেরহাট সদর উপজেলার সুলতানপুর গ্রামের জামান সরদারের ছেলে।বোয়ালমারী (ফরিদপুর): উপজেলার সহস্রাইল এলাকায় ফরিদপুর-আলফাডাঙ্গা সড়কে শনিবার ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী কাদিরদী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মো. সোহেল রানা (১৮) নিহত হন। তিনি নাগদী গ্রামের মো. আকমল মোল্লার ছেলে।