তিন সড়কে সরাসরি বাস বন্ধ ১১ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল-যশোর, কালনা-যশোর ও কালনা-খুলনা সড়কে সরাসরি বাস চলাচল ১১ দিনেও শুরু হয়নি। ১৭ অক্টোবর খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনারের (সার্বিক) সভাপতিত্বে দুই জেলার জেলা প্রশাসকসহ বাস মালিক সমিতির কর্মকর্তাদের সমঝোতা বৈঠক ভেস্তে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল ও যশোরের বাস-মিনিবাস মালিক সমিতি ৯ অক্টোবর থেকে এই তিনটি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয়। এর পর থেকে যশোরের বাসগুলো ভাঙ্গুরা পর্যন্ত ও নড়াইলের বাসগুলো গাবতলা পর্যন্ত চলছে। বাকি দুই কিলোমিটার সড়ক আলমসাধু, নছিমন-করিমনের চালকেরা দখল করে নিয়ে যাত্রীসাধারণের কাছ থেকে নির্ধারিত ভাড়া দুই টাকার পরিবর্তে পাঁচ টাকা আদায় করছে।নড়াইলের জেলা প্রশাসক মো. জহুরুল হক বলেন, সমঝোতা বৈঠকে কালনা-যশোর সড়কে নড়াইল ও যশোরের তিনটি সমিতির গাড়িগুলোর ট্রিপ সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া কালনা-খুলনা সড়কে যশোর, নড়াইল ও খুলনা মালিক সমিতির (এক্সপ্রেস) কিছু গাড়ি চলাচল করে। এই সড়কে মোট ট্রিপের সংখ্যা ২৪টি। এখানে খুলনার জন্য তিন ট্রিপ এবং বাকি ২১টি ট্রিপ যশোর ও নড়াইল মালিক সমিতির মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। নড়াইল সমিতি এ সিদ্ধান্ত মেনে নিলেও যশোর মালিক সমিতি তা মেনে নিতে পারেনি বলে জানিয়েছেন যশোর আন্তজেলা বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া। তিনি বলেন, বর্তমানে যে অবস্থায় গাড়ি চলাচল করছে, সে অবস্থায়ই চলবে।খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সভার সিদ্ধান্ত অমান্য করাটা দুঃখজনক। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।