তিন হত্যা মামলায় তিনজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে বড় ভাইকে গলা কেটে হত্যার অপরাধে ছোট ভাই নাজমুল হোসেন ওরফে আজমুলকে (১৯) ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ বাদুরা গ্রামে জোড়া খুনের দায়ে গৌতম রায় (৩৮) নামের এক ব্যক্তি এবং খুলনার আলোচিত শিপন হত্যা মামলায় ফাতেমা আক্তার সোনালী (২১) নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার এই তিনটি মামলার রায় দেওয়া হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
ঝালকাঠি: আদালত সূত্র জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের জিয়াউল হকের ছেলে। ঘটনার পর থেকে পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে গতকাল এই রায় ঘোষণা হয়। একই মামলার অপর আসামি বেল্লাল হোসেনকে (২০) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এ সময় বেল্লাল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আরেক আসামি এমাদুলকে খালাস দেন বিচারক।
মামলার আরজি সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর রাতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের জিয়াউল হকের ছেলে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক আল আমিনকে (২৩) তাঁর ছোট ভাই নাজমুল হোসেন ও তাঁর সহযোগী বেল্লাল হোসেন গলা কেটে হত্যা করে লাশ পার্শ্ববর্তী চেচড়িরামপুর গ্রামে ফেলে রাখেন।
এ ঘটনায় আল আমিনের বাবা জিয়াউল হক বাদী হয়ে ওই দিনই ছোট ছেলে নাজমুল ও অপর দুই সহযোগীকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। গতকাল দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ শফিকুল করিম আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।
পিরোজপুর: জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত গৌতম রায় পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ বাদুরা গ্রামের হিমাংশু রায়ের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি সকালে গৌতম রায় বাদুরা বাজার থেকে মাছ কিনে বাড়িতে এনে স্ত্রী সীমা রানীকে (৩০) মাছ কাটতে বলেন। সীমা গৃহস্থালি কাজে ব্যস্ত থাকায় মাছ পরে কাটবেন বলে জানান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে গৌতম দা দিয়ে বাড়ির উঠানে সীমার গলায় কোপ দেন। এরপর সীমার চুলের মুঠি ধরে মাটিতে শুইয়ে গলা কেটে তাঁকে হত্যা করেন। এ ঘটনা দেখে গৌতমের চাচি শেফালী রানী (৫০) ও চাচাতো ভাইয়ের স্ত্রী শিউলী রানী পাশের ঘরে বসে ভয়ে চিৎকার করেন। চিৎকার শুনে গৌতম দৌড়ে গিয়ে তাঁদেরও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। প্রতিবেশীরা শেফালী ও শিউলীকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেফালীকে মৃত ঘোষণা করেন। এ হত্যার ঘটনায় নিহত সীমার বাবা ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুড়িবুনিয়া গ্রামের ক্ষীতিশ চন্দ্র ভক্ত বাদী হয়ে গৌতমের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা করেন। স্ত্রী সীমাকে হত্যার দায়ে গৌতমকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং শেফালীকে হত্যায় দায়ে একই ধারায় একই ধরনের শাস্তির আদেশ দেন বিচারক। এ ছাড়া শিউলীকে হত্যার উদ্দেশ্যে জখম করার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় ঘোষণা করেন।
খুলনা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাতেমা আক্তার সোনালী খুলনার হরিণটানা থানার কৈয়াবাজার এলাকার জয়খালী গ্রামের মৃত খবির গাজীর মেয়ে। এ মামলার অন্য আসামি মেহেদী হাসানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালের ৮ মার্চ নগরের জোড়াগেট গণপূর্ত বিভাগের আবাসিক কলোনি থেকে শিপনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশেই ছিল বুক ফেড়ে বের করা কলিজার দুটি অংশ। এ ঘটনায় শিপনের ভাই মো. বাবুল মিয়া ১২ মার্চ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ছয় দিন পর ১৫ মার্চ শিপনের প্রেমিকা ফাতেমা আক্তার সোনালীকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন সোনালী। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মেহেদী হাসান নামের আরেকজনকে পুলিশ গ্রেপ্তার করে।
গতকাল খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা মামলার রায় দেন।