তিন হাজার একর জমি পতিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোড়াউত্রা নদী থেকে উৎপন্ন কিশোরগঞ্জের নিকলী উপজেলার বরুলিয়া খাল দীর্ঘদিন ধরে পুনঃখনন করা হচ্ছে না। এ কারণে পলি জমে ভরাট হয়ে গেছে খালটি। এ অবস্থায় শুষ্ক মৌসুমে সেচের অভাবে জমি অনাবাদি থাকে। চলতি বছর তিন হাজার একর বোরো জমি পতিত রয়েছে।

বাধ্য হয়ে অনেক কৃষক খালের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে তার ওপর পাম্প বসিয়ে জমিতে সেচের ব্যবস্থা করেছেন। এতে খরচ অনেক বেশি পড়ছে। 

নিকলী উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল করিম জানান, বরুলিয়া খালটি জোয়ানশাহী হাওরের প্রায় ১৮ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে। এটি বাজিতপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাভুক্ত।

খাল পুনঃখনন না করায় পানির অভাবে নিকলী, মিঠামইন, বাজিতপুর ও অষ্টগ্রাম উপজেলার জোয়ানশাহী হাওরে প্রায় তিন হাজার একর জমি চলতি বোরো মৌসুমে অনাবাদি রয়েছে। ১৯৭৮-৭৯ সালে পাউবো ওই খালের মাত্র তিন কিলোমিটার পুনঃখনন করে। এতে
কিছু কিছু জমিতে আবাদ শুরু হয়। পলি জমে খালের ওই অংশও আবার ভরাট হয়ে গেছে। বাধ্য হয়ে শত-শত কৃষক ডিজেলচালিত
অগভীর নলকূপের (শ্যালো মেশিন) সাহায্যে পানি তুলে বোরো চাষ করছেন। এতে খরচ বেশি পড়ছে।

সম্প্রতি সরেজমিনে কথা বলে জানা গেছে, জোহানশাহী হাওরে নিকলী উপজেলার সাতটি ইউনিয়ন ও মিটামইন, অষ্টগ্রাম, বাজিতপুর উপজেলাসহ ১১টি উপজেলায় ৫০ হাজার হেক্টর একর জমি রয়েছে।

নিকলীর বানিয়াহাটির গ্রামের কৃষক শুক্কুর মাহমুদ জানান, প্রায় ১৫ বছর ধরে শুকনো মৌসুমের শুরুতে কৃষকেরা নিজেদের মধ্যে কয়েকটি সমিতি করে খালের বিভিন্ন স্থানে কয়েকটি বাঁধ তৈরি করছেন। পরে তাঁরা বাঁধের ওপর পানির পাম্প বসিয়ে জমিতে সেচের ব্যবস্থা করেছেন। কিন্তু এ জন্য কৃষকদের একরপ্রতি ১৪-১৫ মণ ধান দিতে হচ্ছে পাম্পের মালিকদের।

বাজিতপুর উপজেলার কৃষক নজরুল ইসলাম বলেন, ‘আমার ১৫ একর জমি এ বছর পতিত রয়েছে। কেউ বর্গা নিতেও আসে নাই।’

পাকুন্দিয়া উপজেলার কৃষক কাশেম মিয়া বলেন, ‘বাপ-দাদার জমি, তাই এত দূর থেকে চাষ করতে আসি। কিন্ত খালে পানি না থাকায় আল্লাহর ওপর ছেড়ে দিছি।’

নিকলীর সদর ইউনিয়নের বদরুল মোমেনের ১২ একর, ছামসুল হক মিয়ার ১৭ একর, জিল্লু মিয়ার ১০ একর, ছাত্তার মিয়ার ৩১ একরসহ অনেকের জমি পতিত রয়েছে।

নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন বলেন, খালটি খনন না করায় প্রতিবছরই অকালবন্যায় কয়েক হাজার একর বোরো জমির ধান পানিতে তলিয়ে যায়। এভাবে অনেক কৃষক নিঃস্ব হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম গিয়ে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করছেন।

নিকলীর কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, অষ্টগ্রামের কৃষি কর্মকর্তা শাহীনুল ইসলাম ও বাজিতপুরের কৃষি কর্মকর্তা জানান, খালটি পুনঃখনন করার জন্য প্রতিটি উপজেলার কৃষি কার্যালয় ও সেচ কমিটি কয়েক দফা পাউবোকে চিঠি দিয়েছে। এতে কাজ না হওয়ায় কৃষি মন্ত্রণালয়ের সেচ বিভাগ বরাবর চিঠি পাঠানো হয়েছে।

জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, ‘জাপানি সংস্থা জাইকার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি, কয়েক মাসের মধ্যে খালটি পুনঃখননের কাজ শুরু করা যাবে।’