তিন হাজার করে টাকা নিয়ে মনোনয়ন ফরম
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৬৫ জনের কাছে আবেদন ফরম বিক্রি করেছেন দলের স্থানীয় নেতারা। প্রতিটি ফরম তিন হাজার টাকায় বিক্রি করা হয় বলে খোঁজ নিয়ে জানা গেছে।
গত শনিবার উপজেলার ভোলদিঘি কামিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে ১০টি ইউনিয়নে ৬৫ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বলে সাংবাদিকদের জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ওরফে মিন্টু বলেন, ১ থেকে ৫ মার্চ পর্যন্ত প্রত্যেক ইউনিয়নে বর্ধিত সভার মাধ্যমে ইউনিয়নভিত্তিক চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদের তালিকা সংগ্রহ করা হয়। এসব প্রার্থীর মধ্য থেকে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মতামতের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী ঠিক করা হবে।
কামরুজ্জামান আরও বলেন, সূচিপাড়া দক্ষিণে আটজন, সূচিপাড়া উত্তরে ১০ জন, রায়শ্রী দক্ষিণে সাতজন, রায়শ্রী উত্তরে তিনজন, চিতোষী পূর্বে সাতজন, চিতোষী পশ্চিমে ১০ জন, টামটা দক্ষিণে ছয়জন, টামটা উত্তরে ছয়জন, মেহের উত্তরে তিনজন ও মেহের দক্ষিণে পাঁচজন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দলীয় আবেদনপত্র সংগ্রহ করেছেন।
টামটা উত্তর ইউনিয়ন থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী মো. মনিরুজ্জামান বলেন, ৪ মার্চ দলের বর্ধিত সভা শেষে তিন হাজার টাকা দিয়ে তিনি আবেদনপত্র কেনেন। ওই ইউনিয়ন থেকে মোট ছয়জন প্রার্থী দলীয় আবেদনপত্র সংগ্রহ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের মনোনয়নপ্রত্যাশী অন্তত ছয়জন অভিযোগ করেন, নেতারা সুযোগ পেয়ে মনোনয়ন-বাণিজ্য করে গেলেন। অথচ দল থেকে আবেদনপত্র বা মনোনয়নপত্র বিক্রির কোনো নির্দেশনা নেই।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামানের মুঠোফোনে সোমবার দুপুরে কল করা হলে তিনি একটি সভায় আছেন বলে সংযোগ কেটে দেন। পরে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী টাকা নেওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, প্রার্থী কমানোর জন্য আবেদনপত্র বিক্রি করা হয়েছে। আবেদন ফি না নিলে প্রার্থী আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তা ছাড়া আদায়কৃত অর্থ বিভিন্ন ইউনিয়নে গিয়ে বর্ধিত সভা করার কাজে খরচ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ‘এখানে আমাদের কার্যত করণীয় কিছু নেই।’
শাহরাস্তি উপজেলার ১০টি ইউপির তফসিল এখনো ঘোষণা করা হয়নি।