বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) প্রায় তিন হাজার ওয়ার্কচার্জড কর্মচারীর চাকরি আট বছরেও স্থায়ী হয়নি।
ফলে ওই কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। আট বছর আগে এসব কর্মচারীকে মাস্টাররোল (চুক্তিভিত্তিক নিয়োগ) থেকে ওয়ার্কচার্জড কর্মচারীতে রূপান্তরিত করা হয়েছিল।
বিটিসিএলের সিলেট কার্যালয় থেকে জানা গেছে, বিটিসিএলের বিভিন্ন কার্যালয়ে মাস্টাররোলে নিয়োগ পাওয়া দুই হাজার ৯৭২ জন চতুর্থ শ্রেণির কর্মচারীকে ২০০৬ সালের ১২ মার্চ ওয়ার্কচার্জড (কাজের বিনিময়ে বেতন-ভাতা) কর্মচারী হিসেবে রূপান্তরিত করা হয়। ওয়ার্কচার্জড কর্মচারী হিসেবে সিলেট বিভাগে ৭৮ জন কর্মরত রয়েছেন। ওয়ার্কচার্জড কর্মচারীতে রূপান্তরিত হওয়া ব্যক্তিদের অনেকেই ১৫ থেকে ২০ বছর ধরে বিটিসিএলে কর্মরত রয়েছেন।
কয়েকজন ওয়ার্কচার্জড কর্মচারী জানান, চাকরি স্থায়ী না হওয়ায় ওই কর্মচারীদের বেশ কয়েকজন এরই মধ্যে অবসরে চলে গেলেও তাঁরা পেনশনসহ অন্যান্য সুবিধা পাননি। ফলে অনেক কর্মচারী অবসরে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
ওয়ার্কচার্জড শ্রমিক কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, সারা দেশে বিটিসিএলের দুই হাজার ৯৭২ জন চতুর্থ শ্রেণির ওয়ার্কচার্জড কর্মচারী আছেন। ওয়ার্কচার্জড কর্মচারী নিয়োগবিধি অনুযায়ী, পেনশন বাদে সরকারি সব সুযোগ-সুবিধাই একজন ওয়ার্কচার্জড কর্মচারীর পাওয়ার কথা। চাকরি স্থায়ী না হলেও টাইম স্কেল এবং বিনোদন ভাতাসহ সরকারি যেসব সুবিধা ওই কর্মচারীদের এত দিনে পাওয়ার কথা ছিল, তাঁরা সেটুকুও পাচ্ছেন না।
বিটিসিএলের সিলেট কার্যালয় থেকে জানা গেছে, ওয়ার্কচার্জড কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে যথোপযুক্ত পদে পদায়নের জন্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্মচারীদের সাক্ষাৎকারও নেওয়া হয়েছিল। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের সিলেট বিভাগীয় প্রকৌশলী (ফোনস) কাজী ফজলুল হক বলেন, ‘তাঁদের চাকরি স্থায়ী করার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কি না, এ নিয়ে আমি পুরোপুরি অবহিত নই।’
বিটিসিএলের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ মোর্শেদ বলেন, যোগ্যতা ও দক্ষতা যাচাইয়ের জন্য বিটিসিএলের চতুর্থ শ্রেণির প্রায় তিন হাজার ওয়ার্কচার্জড কর্মচারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। বিষয়টি এখনো যাচাই-বাছাই চলছে। তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি।