তিন হাজার কলাগাছ সাবাড়
‘বলা নেই, কওয়া নেই, হঠাৎ করেই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজন ও ভাড়া করা শ্রমিকেরা কলাগাছগুলো কাটতে শুরু করে। দুই-তিন ঘণ্টার মধ্যে কাটা কয়েক হাজার গাছের মধ্যে হাজার খানেক গাছ ছিল হামার। তার মধ্যে ৩০০ গাছেই কলার কাঁদি ছিল। গাছগুলো কাটায় আমি নিঃস্ব হয়ে গেছি। এখন আমি কী দিয়ে সারা বছর চলব।’এ বিলাপ একজন শারীরিক প্রতিবন্ধী খেটে খাওয়া মানুষের। তাঁর নাম নুরুল ইসলাম (৪৫)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সওজের চৌডালা সেতুর সংযোগ সড়কের পাশে। গতকাল শুক্রবার তিনি আক্ষেপ করে কথাগুলো বলেন। নুরুল ইসলামের মতো আরও কয়েকজনের তিন হাজারের বেশি কলাগাছ গত বুধবার সড়কের পাশ থেকে সওজের লোকজন শ্রমিকদের দিয়ে কেটে ফেলেন। সওজ কোনো নোটিশ দেওয়া ছাড়াই গাছগুলো কেটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাছগুলো সড়কের পাশের খাসজমিতে লাগানো হয়েছিল।ওই এলাকার বাসিন্দা শহিদুল, মিন্টু, শফিকুল, রুলি বেগম ও সালেহা খাতুন জানান, তাঁদেরসহ ২০-২৫টি পরিবারের তিন হাজারের বেশি গাছ হঠাৎ করে কাটা হয়েছে। এসব গাছের মধ্যে প্রায় ৪০০ গাছে কলা ছিল। সওজের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী বখতিয়ার আলম বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলীর নির্দেশেই আমি সওজের শ্রমিকদের গাছ কাটতে বলেছি। সওজের জমি দখলমুক্ত করতেই গাছগুলো কাটা হয়েছে।’ তিনি দাবি করেন, গাছ কাটার আগে ওই এলাকার বাসিন্দাদের মৌখিকভাবে জানানো হয়েছে।