দক্ষিণাঞ্চলের তিন হাজার কিলোমিটার নৌপথ যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এ অঞ্চলের নৌপথগুলোতে ফিটনেসবিহীন অসংখ্য লঞ্চ যাত্রী পরিবহন করছে৷ লঞ্চে পর্যাপ্তসংখ্যক জীবনরক্ষাকারী সরঞ্জাম রাখা হচ্ছে না এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে৷ এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত বছরও তিনটি বড় দুর্ঘটনায় এক হাজার ১০৫ জন প্রাণ হারিয়েছেন বলে বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে।
যথাযথ নজরদারির অভাবেই ৩ মে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া নদীতে এমভি শাথিল-১ নামে একটি লঞ্চ ডুবে ১৬ জন মারা যায়। এই লঞ্চটি চলতি বছরের ২৭ জানুয়ারি পটুয়াখালীর লোহালিয়া নদীতে ডুবে গিয়েছিল। লঞ্চটি দ্বিতীয়বার ডুবে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদনে লঞ্চটিতে কারিগরি, কাঠামোগত এবং নকশায় ত্রুটি ছিল বলে উল্লেখ করা হয়েছে৷
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ছয় জেলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লা মিলিয়ে ৮৮টি নৌপথ রয়েছে। এর মধ্যে ঢাকা থেকে ৩৮টি গন্তব্যে দোতলা ও অভ্যন্তরীণ পথগুলোতে একতলা লঞ্চ চলাচল করে । এসব পথে প্রতিদিন যাতায়াত করে প্রায় দেড় লাখ যাত্রী। ৮৮ পথে চলাচল করে প্রায় এক হাজার ২০০ লঞ্চ। এ ছাড়া উত্তাল নৌপথে চলাচল করে আরও প্রায় সাড়ে তিন হাজার ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকা। এর মধ্যে রুট পারমিট ও ফিটনেস আছে এমন নৌযানের সংখ্যা মাত্র ৩১৬টি। বরিশাল জেলা নৌযান শ্রমিক সমিতির কয়েকজন নেতা জানান, জেলার অভ্যন্তরীণ পথে চলাচলকারী প্রায় ১০০টি লঞ্চের মধ্যে অধিকাংশের ফিটনেস সনদ নেই। বিআইডব্লিউটিএর পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালক এস এম বদরুল আলম বিষয়টি স্বীকার করে বলেন, ‘ফিটনেস সনদ দেয় সমুদ্র পরিবহন অিধদপ্তরের জরিপ বিভাগ। তাই এ নিয়ে আমাদের কিছু করার নেই।’
খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ পথে চলাচলকারী একতলা লঞ্চগুলোতে শুধু পাঁচ-সাতটি বয়া আর বালুভর্তি দু-একটি বালতি ছাড়া কোনো সরঞ্জাম নেই। অথচ নৌপরিবহন অধ্যাদেশ অনুযায়ী প্রতিটি লঞ্চে চারজন যাত্রীর জন্য একটি করে বয়া ও পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জাম থাকা বাধ্যতামূলক। কেবল একতলা লঞ্চ নয়, দূরপাল্লার পথে চলাচলকারী দোতলা লঞ্চগুলোতেও পর্যাপ্তসংখ্যক সরঞ্জাম নেই।
সরেজমিনে দেখা যায়, বরিশাল-ঢাকা পথে চলাচলকারী ৯৯০ জন যাত্রী ধারণক্ষমতার এমভি সুন্দরবন-৭ লঞ্চে বয়া আছে মাত্র ১৫৩টি। কিন্তু এখানে বয়া থাকার কথা ২৪৮টি৷ একইভাবে এক হাজার ২০৫ জন ধারণক্ষমতার এমভি সুরভী-৭ লঞ্চে ১০৭ এবং ৮৯০ জন ধারণক্ষমতার সুরভী-৬ লঞ্চে ১২৫টি বয়া রয়েছে। ঢাকা-বরগুনা, ঢাকা-আমতলী, ঢাকা-পটুয়াখালী পথে চলাচলকারী ২৮টি দোতলা লঞ্চে যাত্রী অনুপাতে বয়া কম।
বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের ঊর্ধ্বতন উপপরিচালক মো. শহিদুল্লাহ লঞ্চগুলোর ওপর তাঁদের নজরদারি না থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা লঞ্চগুলোতে প্রয়োজনীয়সংখ্যক জীবনরক্ষাকারী সরঞ্জাম আছে কি না, তা নিয়মিত যাচাই করে দেখেন৷ এ ছাড়া লঞ্চগুলো যাতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে, সে জন্য প্রায়ই অভিযান পরিচালনা করেন৷ প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নিচ্ছেন।