তিন হাজার কোটি থেকে ৩০০ কোটি টাকায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০০৯-১০ অর্থবছরে তিন হাজার ১২৭ কোটি টাকা বাজেট পেশ করা হয়েছিল। অর্থবছর শেষে সংশোধিত বাজেটে তা নেমে আসে ৩০০ কোটি টাকায়। গত অর্থবছরে বাজেট ঘোষণার সময় দুই হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে দুটি বড় প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। কিন্তু বছর শেষে দেখা গেল, কোনো প্রকল্পের রূপরেখা পর্যন্ত তৈরি হয়নি।জানা গেছে, ওই দুই প্রকল্প বাদ দিলে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৃত বাজেট দাঁড়ায় ৬২৭ কোটি টাকা। এ বাজেটেরও অর্ধেক বাস্তবায়িত হয়নি গত এক বছরে। সিটি করপোরেশনের হিসাব নিয়ন্ত্রণ বিভাগ ইতিমধ্যে এ সংশোধিত বাজেট তৈরির কাজ প্রায় চূড়ান্ত করেছে।করপোরেশন সূত্র জানায়, গত অর্থবছরের বাজেটে হঠাৎ করে এক হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে দেওয়ানহাট থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ একটি উড়ালসেতু এবং সদরঘাট থেকে কালুরঘাট পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক ও নদী শাসন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। এ জন্য ব্যয় দেখানো হয় দুই হাজার ৫০০ কোটি টাকা। বাজেটে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় প্রকল্প দুটি বাস্তবায়নের কথা বলা হয়। জানা যায়, এ ধরনের বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য করপোরেশনের নিজস্ব কোনো তহবিল নেই। সরকারের কাছেও কোনো আশ্বাস পাওয়া যায়নি। বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গেও এ নিয়ে আলোচনা হয়নি। এমনকি কোনো পরিকল্পনা কিংবা জরিপকাজও চালানো হয়নি। জানা যায়, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় এ দুটি প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়। অথচ প্রকল্প দুটি অর্থনীতিবিষয়ক জাতীয় কমিটিতেও (একনেক) অনুমোদনের জন্য পাঠানো হয়নি। একনেকের অনুমোদন না পেলে এ ধরনের প্রকল্প বাজেটে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আবুল হাসনাত প্রথম আলোকে বলেন, পিপিপির আওতায় কোনো প্রকল্প বাস্তবায়ন করতে হলে প্রথমে সেটি বেসরকারি অবকাঠামো কমিটির (পাইকম) তালিকাভুক্ত করতে হয়। কিন্তু এ প্রকল্প দুটি পাইকমের তালিকাভুক্ত হয়নি। তিনি বলেন, কিছুদিনের মধ্যে পরিকল্পনা কমিশনে বৈঠক হবে। সেখানে সিটি করপোরেশনের ভবিষ্যৎ প্রকল্প নিয়ে আলোচনা হবে। তখন এ প্রকল্প দুটিও স্থান পাবে।করপোরেশনের নতুন মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, বিগত অর্থবছরের বাজেটে এমন কিছু প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছিল—যেগুলো এখনো সরকারের অনুমোদন পায়নি। ফলে স্বাভাবিকভাবেই করপোরেশন সেগুলোর কাজ শুরু করতে পারেনি। তিনি বলেন, যাঁরা এ ধরনের অলীক বাজেট দিয়েছিলেন তাঁরাও জানতেন, এ বাজেট বাস্তবায়িত হবে না। তবুও সস্তা জনপ্রিয়তার জন্য বাজেট দেওয়া হয়েছিল। গত অর্থবছরে বাজেট পেশ করার সময় তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশি অথবা বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় অবশ্যই এ প্রকল্প বাস্তবায়িত হবে। প্রসঙ্গত, ওই বাজেট পেশের সময় বর্তমান মেয়র মন্জুর করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। সিটি করপোরেশনের প্রধান হিসাব নিয়ন্ত্রণ কর্মকর্তা নারায়ণচন্দ্র পাল প্রথম আলোকে বলেন, ‘গত বছরের বাজেট সংশোধনের পাশাপাশি আমরা নতুন বছরের বাজেট তৈরির কাজ শুরু করেছি। এ ব্যাপারে নতুন মেয়রের পরামর্শ নিয়ে আমরা কাজ করছি। তিনি বাস্তবভিত্তিক বাজেট প্রণয়নের নির্দেশ দিয়েছেন।’