চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, বেসরকারি বিদ্যালয়ে ভর্তি ফি বাবদ একজন শিক্ষার্থীর কাছ থেকে তিন হাজার টাকার বেশি নেওয়া যাবে না। ভর্তির ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য সাত দিন সময় দিতে হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেসরকারি বিদ্যালয়ের ভর্তি নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে নগরের ১২১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। এই শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া যাবে।
সভায় শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ‘বেসরকারি স্কুল/স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০১৫’ উপস্থাপন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান খান। সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ভর্তির বিজ্ঞপ্তিতে বিদ্যালয়ে কত আসন শূন্য রয়েছে তা উল্লেখ করতে হবে। মানুষকে জানাতে এই বিজ্ঞপ্তি জাতীয় বা স্থানীয় দৈনিকে প্রকাশ করতে হবে। তিনি বলেন, বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অবশ্যই মানতে হবে। কোনো বিদ্যালয় তা না মানলে এমপিও এবং একাডেমিক স্বীকৃতি বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।