তিন হাজার নম্বরের মধ্যে নজরুলের জন্য মাত্র ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মান কোর্সের জন্য তৈরি করা নতুন পাঠক্রমের মোট নম্বর তিন হাজার। এর মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামবিষয়ক অধ্যয়নের জন্য বরাদ্দ করা হয়েছে মাত্র ১৬ দশমিক ৪ নম্বর। এতে বাংলা ব্যাকরণের কোনো অস্তিত্ব নেই।বাংলা বিভাগ মাত্র দুই দিনের নোটিশে জরুরি সভার মাধ্যমে এই পাঠক্রম অনুমোদন করেছে। নম্বর ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ বিভাগের কয়েকজন শিক্ষক অভিযোগ করেছেন, তাঁরা যথাযথ আলোচনার সুযোগ পাননি।বাংলা বিভাগের বর্তমান পাঠক্রমে গীতিকাব্য অধ্যায়ে নজরুলের অগ্নিবীণা, কবিতা অধ্যায়ে ‘বিদ্রোহী’, প্রবন্ধ অধ্যায়ে ‘রাজবন্দীর জবানবন্দী’ এবং ছোটগল্প অধ্যায়ে ‘পদ্মগোখরো’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এর জন্য বরাদ্দ করা নম্বর যথাক্রমে ১০, ১ দশমিক ৩৩, ২ দশমিক ২২ এবং ২ দশমিক ৮৫। সব মিলিয়ে ১৬ দশমিক ৪০। চার বছরের অনার্স কোর্সের এই পাঠক্রমের মোট বরাদ্দ নম্বর তিন হাজার।এর আগের পাঠক্রমে নজরুল অধ্যয়নের জন্য মোট নম্বর ছিল প্রায় ৫০। ব্যাকরণের জন্য বরাদ্দ ছিল ১০০ নম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলার পাঠক্রমে নজরুল অধ্যয়ন বিষয়ে নম্বর ৫০। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটি কোর্সের জন্য ১০০ নম্বর করে বরাদ্দ আছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তাঁর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ১৯২৬ সাল থেকে। তিন হাজার নম্বরের কোর্সের মধ্যে তাঁর জন্য যদি মাত্র ১৬ নম্বর বরাদ্দ থাকে, সেটা আমাদের জন্য বেদনাদায়ক।’ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের এই পাঠক্রম ‘ত্রুটিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন বিভাগের একাধিক শিক্ষক। তাঁরা জানান, পাঠক্রম তৈরির জন্য গঠিত উপকমিটি প্রথমে গীতিকাব্য অধ্যায়ে নজরুলের চক্রবাককে অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু কাব্যগ্রন্থ হিসেবে চক্রবাক নজরুলের প্রতিনিধিত্ব করে না বলে পরে বিভাগীয় সভায় চক্রবাক বাদ দিয়ে অগ্নিবীণা অন্তর্ভুক্ত করা হয়। কবিতা অধ্যায়ে রয়েছে শুধু ‘বিদ্রোহী’। কিন্তু সেটি অগ্নিবীণারই অংশ।পাঠক্রম তৈরির জন্য গত বছরের সেপ্টেম্বরে জ্যেষ্ঠ অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, বেগম আক্তার কামাল ও ভীষ্মদেব চৌধুরীকে সদস্য করে উপকমিটি গঠন করা হয়। তাঁরা চার মাস পর খসড়া জমা দেন। ওই খসড়া অনুমোদনের জন্য সভা আহ্বান করা হয় চলতি বছরের ৯ জানুয়ারি। এ জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয় ৭ জানুয়ারি। ৯ জানুয়ারি বিভাগীয় কমিটি খসড়া অনুমোদন করার পর ৩০ জানুয়ারি তা কলা অনুষদের সভায় অনুমোদন পায়।বাংলা বিভাগ সূত্র জানায়, এত অল্প সময়ে পাঠক্রম অনুমোদন করার ব্যাপারে বিভাগের বেশ কয়েকজন শিক্ষক মৌখিক আপত্তি জানালেও তা গ্রাহ্য করা হয়নি। এ বিষয়ে অধ্যাপক সৌমিত্র শেখর লিখিত আপত্তিও জানান, যা ৯ জানুয়ারির সভার কার্যবিবরণীতে স্থান পেয়েছে। সৌমিত্র শেখর এ বিষয়ে প্রথম আলোকে বলেন, শিক্ষকদের পক্ষে এ বিষয়ে দুই দিনের মধ্যে মতামত দেওয়া সম্ভব নয়। সময় দেওয়া হয়নি বলেই ত্রুটিপূর্ণ একটি পাঠক্রম অনুমোদন পেয়েছে। অভিযোগ প্রসঙ্গে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকা মাহমুদা প্রথম আলোকে বলেন, ‘বিভাগের নতুন সেমিস্টার শুরু হয়ে গিয়েছিল। কিন্তু পাঠক্রম তৈরি ছিল না। সে জন্য এক দিনের নোটিশে তড়িঘড়ি নতুন পাঠক্রম অনুমোদন করা হয়েছে।’ কিন্তু বিভাগের একাধিক শিক্ষক দাবি করেন, চেয়ারম্যানের বক্তব্য গ্রহণযোগ্য নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এই শিক্ষকেরা বলেন, কলা অনুষদ পাঠক্রম অনুমোদন করার আগে মাঝে ২১ দিন সময় ছিল। সুতরাং, তড়িঘড়ি তা অনুমোদন করার প্রয়োজন ছিল না।