তিন হাজার পরিবার পানিবন্দী

অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়ার সুখচর ইউনিয়নের প্রায় তিন হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গত মঙ্গলবার বিকেলে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।
ইউনিয়নের চেয়ারম্যান বাজারে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হয়। চেয়ারম্যান বাজারের উত্তরে ২ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া গ্রামের বাসিন্দা মোস্তাফিজ বলেন, গত সোমবার দুপুর থেকে তাঁর বাড়িতে রান্না হয়নি। ৮০ বছরের বৃদ্ধ মাসহ পরিবারের সদস্যদের নিয়ে খুবই কষ্টে আছেন। এখন শুকনো খাবার কিনতে বাজারে এসেছেন।
স্থানীয় আরও কয়েকজন বলেন, তাঁদের সবার বসতবাড়ির চুলা পানিতে ডুবে গেছে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আফলাতুন হোসেন বলেন, ইউনিয়নে প্রায় এক হাজার ৫০০ পরিবারে দুই দিন ধরে রান্না হয়নি। তিনি বলেন, জোয়ারের পানিতে মানুষের জমির ফসল ও বীজতলা ডুবে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ।
ইউনিয়নের বাসিন্দা জেলা খেতমজুর ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন বলেন, গতকাল বুধবার বিকেল পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধি এলাকায় আসেননি।
এদিকে গতকাল পানিবন্দী দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন এক ব্যবসায়ী। ত্রাণ বিতরণকারী রামচরণ বাজারের মুদি দোকানি সাহাব উদ্দিন জানান, পানিবন্দী দুর্গত মানুষের মধ্যে তিনি প্রায় দুই লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহিদুর রহমান প্রথম আলোকে জানান, সুখচর ইউনিয়নের পানিবন্দী দুর্গত মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।