তিন হাজার পরিবার পানিবন্দী
পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় ফরিদপুর সদরের চারটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে প্রায় তিন হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে চরভদ্রাসন উপজেলা সদর, গাজীরটেক ও চর ঝাউকান্দা ইউনিয়নে চার দিনে ১৩০ একর ফসলি জমি ও ৪৮টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।সদরের আলিয়াবাদ ইউনিয়নের সাদিপুর, গদাধরডাঙ্গি, ভাজনডাঙ্গা ও আলিয়াবাদ গ্রামের প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নর্থ চ্যানেল ইউপির চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, চরধোলাই, জলিল সরকারের ডাঙ্গি, ইমান আলীর ডাঙ্গি, বাসের মোল্লার ডাঙ্গি, কাইমুদ্দি মাতুব্বরের ডাঙ্গি, পান ফকিরের ডাঙ্গিসহ বিভিন্ন গ্রামে প্রায় এক হাজার ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। চরের লোকজন ডাকাতের ভয়ে রাত জেগে পাহারা দিচ্ছে। চর মাধবদিয়া ইউনিয়নের নাজিম ফকিরের ডাঙ্গি, দুর্জন খাঁর ডাঙ্গি ও ফাজেল সর্দারের ডাঙ্গি সম্পূর্ণ এবং আরশাদ মুন্সির ডাঙ্গি আংশিক নিমজ্জিত হয়েছে। এসব এলাকায় প্রায় সাড়ে ৩০০ পরিবার পানিবন্দী হয়ে আছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. তুহিনুর রহমান জানান, প্রতিদিনই পরিস্থিতির অবনতি ঘটছে। ডিক্রির চর ইউনিয়নের প্রায় দেড় শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। চরভদ্রাসন সদর ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, ইউসুফ সিকদারের ডাঙ্গিতে ২৫টি, হাজি ডাঙ্গিতে পাঁচটি, বাদুল্যা মাতুব্বরের ডাঙ্গিতে ছয়টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। গাজীরটেক ইউনিয়নের মধু ফকিরের ডাঙ্গি গ্রামটি ভাঙনের মুখে পড়েছে। ওই গ্রামে ১২টি পরিবারের বসতবাড়ি এবং প্রায় ৩০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। চর ঝাউকান্দার ইউপির চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা জানান, ইউনিয়নের মুন্সির ডাঙ্গি গ্রাম পদ্মার ভাঙনের শিকার প্রায় ৫০ একর ফসলি জমি বিলীন হয়েছে।