তিন হাজার বিঘা অনাবাদি ২০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওইখানে পাঁচ বিঘা জমি আছে আমার। ওই জমিতে যে ফসল ফলত, তা দিয়া ভালোভাবেই সংসার চলত। অথচ ২০ বছর ধইরা জমিতে পানি জইমা থাকায় এক কণা ফসলও আর পাই না। জমির দিকে তাকালি কষ্টে বুক ভাইঙা আসে। সংসারের খরচ জুগাতি বাধ্য হয়া এখন রিকশা চালাই।’ জলাবদ্ধ জমি দেখিয়ে কথাগুলো বলতে গিয়ে গলা ধরে আসে সাঁথিয়া উপজেলার পাইকশা গ্রামের রেজাউল হোসেনের (৪৫)। তাঁর মতো সাতটি গ্রামের পাঁচ শতাধিক কৃষকের অন্তত তিন হাজার বিঘা জমি জলাবদ্ধ অবস্থায় রয়েছে।স্থানীয় কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, বড় পাইকশা, বেহুলা ও আঁধারিয়া এ তিনটি বিলে পাশের বড় পাইকশা, ছোট পাইকশা, রাউতি, রামকান্তপুর, ফুলবাড়ী, চৌবাড়িয়া ও হাঁপানিয়া—এ সাতটি গ্রামের মানুষের জমি রয়েছে। আগে এই জমিতে বিভিন্ন ফসলের চাষাবাদ হতো। এসব বিলের পানি ইছামতী নদীর মাধ্যমে নিষ্কাশিত হতো। ১৯৯০ সালের দিকে ইছামতী নদীকে পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান সেচখালে রূপান্তর করা হয়। এরপর বিলের পানি নিষ্কাশনের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে বিলগুলোর প্রায় তিন হাজার বিঘা ফসলি জমিতে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতা দূর করার আবেদন নিয়ে মন্ত্রী-সাংসদ থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), কৃষি কার্যালয়—সর্বত্র ধরনা দিয়েও কোনো কাজ হয়নি।ছোট পাইকশা গ্রামের কৃষক ও স্থানীয় একটি কলেজের প্রভাষক জানে আলম বলেন, ‘পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে অপরিকল্পিতভাবে নির্মাণ করা সেচখালটি কয়েক শ কৃষকের কোমর ভেঙে দিয়েছে। কৃষকদের পাশে দাঁড়ানোর মতো এখন কেউই নেই।’ একই গ্রামের কৃষক মাহতাব হোসেন ও হাবিবুর রহমান জানান, আগে বিলের সব জমিতেই তিনটি ফসলের আবাদ হতো। কিন্তু এখন উঁচু এলাকার কিছু জমি ছাড়া নিচু এলাকার জমিতে কোনো ফসলেরই আবাদ হয় না। বড় পাইকশা গ্রামের শামীম রেজা বলেন, ‘ওই সব জমিতে প্রতিবছরই আমরা ধান লাগাই। কিন্তু বৃষ্টির পানিতে তলায়া যাওয়ায় শেষ পর্যন্ত সেই ধান আর ঘরে তুলবার পারি না। মন্ত্রী, এমপি, অফিসার সগলেই কয় পানি বাইর কইরা দিবি, কিন্তু কেউই তা করে না।’খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) জলাবদ্ধতা দূর করার জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। গত বছরের ১ মার্চ প্রকল্পের উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত নিষ্কাশন-খাল খননের কাজ শুরু হয়নি। বিএডিসির সাঁথিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় আঁধারিয়া বিল থেকে ছোন্দহ সেতু পর্যন্ত ৪ দশমিক ৬ কিলোমিটার দৈর্ঘের নিষ্কাশন-খাল খননের জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। বিএডিসি সাঁথিয়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী সঞ্জয় কুমার সরকার বলেন, ‘জলাবদ্ধতার কারণে তিন বিলের প্রায় তিন হাজার বিঘা জমি অনাবাদি অবস্থায় রয়েছে। নিষ্কাশন-খাল খননের কাজ শিগগিরই শুরু হবে।’সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন বলেন, ‘বিএডিসি নিষ্কাশন-খাল খননের যে উদ্যোগ নিয়েছে, তাতে জলাবদ্ধতা দূর হবে বলে আশা করছি।’পাউবোর বেড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, ‘জলাবদ্ধতা দূর করার ব্যাপারে আমাদের আন্তরিকতার অভাব নেই। এ জন্য আমাদের যা যা করা দরকার, সবই করব।’