তিন হাজার বিঘায় কম খরচের সেচসুবিধা নেই
বিদ্যুৎ-সংযোগ না দেওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১৮টি নতুন গভীর নলকূপ অধীন প্রায় তিন হাজার বিঘা জমির বোরো খেতে অল্প খরচে সেচ দেওয়া যাচ্ছে না। এতে ডিজেলচালিত অগভীর নলকূপ দিয়ে সেচ দিতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ হওয়ায় ৭৫০ জন কৃষক বিপাকে পড়েছেন।
কৃষকেরা অভিযোগ করেন, তাঁরা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিত্র) কাছে আবেদন করে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য টাকা জমা দিয়েছেন। বিএমডিত্র ট্রান্সফরমার ও গভীর নলকূপ বসিয়ে নতুন বৈদ্যুতিক তারও টেনেছে। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) বিদ্যুৎ-সংযোগ না দেওয়ায় তাঁরা জমিতে কম খরচে সেচ দিতে পারছেন না। এতে ধান চাষ করে তাঁদের লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে।
পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের কৃষক মো. শাহজালাল ও কোষা গ্রামের রফিকুল ইসলাম জানান, ডিজেলচালিত ইঞ্জিন দিয়ে অগভীর নলকূপের মাধ্যমে তিন বিঘা জমিতে সেচ দিতে ৮৫০ টাকা খরচ হয়। আর বিদ্যুৎচালিত পাম্প দিয়ে গভীর নলকূপের মাধ্যমে একই পরিমাণ জমিতে সেচ দিতে মাত্র ১৫০-১৬০ টাকা খরচ হয়।
গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার নতুন স্থাপিত ১৫-১৬টি গভীর নলকূপ এলাকায় ঘুরে দেখা গেছে, বিদ্যুতের খুঁটি বসিয়ে তার টানা হয়েছে। কিন্তু একটি গভীর নলকূপেও বিদ্যুতের সংযোগ দেওয়া হয়নি।
পীরগঞ্জ উপজেলার সেত্রাই গ্রামের আবদুল ওহাব বলেন, ‘অগ্রহায়ণ মাসে সেত্রাই গ্রামে গভীর নলকূপ বসানো হয়। মার্চের শেষ সপ্তাহে বিদ্যুতের নতুন লাইন টানা হয়। গভীর নলকূপ দিয়ে পানি দিবার আশায় এবার বেশি করে বোরো ধানের আবাদ করেছিলাম। কিন্তু বিদ্যুতের লাইন দিবার খবর নেই। এবার গভীর নলকূপের পানি পাওয়ার আশা নেই।’
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পীরগঞ্জের চাষিরা শীত এবং রবি ফসল ওঠার কারণে এমনিতেই দেরিতে বোরার আবাদ করেন। এ কারণে বিক্ষিপ্তভাবে জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহ থেকে এখানে ধান কাটা শুরু হয়ে জ্যৈষ্ঠের তৃতীয় সপ্তাহ পর্যন্ত কাটা-মাড়াই চলবে।
বিএমডিএর সহকারী প্রকৌশলী মো. খায়রুল আলম বলেন, ‘গভীর নলকূপে নতুন লাইন স্থাপন করেও পবিস থেকে অভ্যন্তরীণ তারকরণ করার অনুমতি না পাওয়ায় কাজ থেমে গিয়েছিল। গত শনিবার ১০টি গভীর নলকূপের নতুন লাইন পবিসকে হস্তান্তর করেছি। ফিও জমা দিয়েছি। অভ্যন্তরীণ তারকরণ করার অনুমতি পেয়ে কাজও শুরু করেছি। কিছুদিনের মধ্যে কাজ শেষ হলেই বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য পবিসকে অনুরোধ করা হবে।’
পবিস পীরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম এ কে এম মাসুদুর রহমান বলেন, ‘বিদ্যুতের লাইনের লোড (ধারণক্ষমতা) না থাকায় আগে নতুন সংযোগ দেওয়ার সুযোগ ছিল না। চলতি মাসের প্রথম সপ্তাহে পীরগঞ্জ জোন থেকে কিছু লাইন দিনাজপুর পবিস-১-এ স্থানান্তর করা হয়েছে। এতে পীরগঞ্জ উপকেন্দ্রে কিছু ধারণক্ষমতা সৃষ্টি হওয়ায় এখন কয়েকটি নলকূপে নতুন সংযোগ দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এখন বিএমডিএ অভ্যন্তরীণ তারকরণ কাজ সমাপ্ত করে আমাদের জানালেই পবিস বিদ্যুৎ পরবর্তী কার্যক্রম হাতে নেবে।’