তিন হাজার ভোটকেন্দ্রের এক-তৃতীয়াংশ ঝুঁকিপূর্ণ
আসন্ন পৌরসভা নির্বাচনের জন্য তৈরি করা তিন হাজার ২৫০টি ভোটকেন্দ্রের মধ্যে এক হাজার ১৮৭টিকে ঝুঁকিপূর্ণ আখ্যায়িত করা হয়েছে। এদিকে প্রায় ৫০ হাজার ভোট গ্রহণ কর্মকর্তার খসড়া তালিকা করা হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদন অনুসারে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা করা হয়েছে। এ কেন্দ্রগুলোর জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আগামী ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি ২৬২টি পৌরসভায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আদালতের নিষেধাজ্ঞার কারণে গত বুধবার পর্যন্ত ১১টি পৌরসভার ভোট গ্রহণ স্থগিত হয়ে গেছে। আদালত এর মধ্যে আবার একটির স্থগিতাদেশ তুলে নেন। সে বিবেচনায় নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষিত হওয়া ২৬২টি পৌরসভারই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। শেষ পর্যন্ত যেখানে যেখানে আদালতের স্থগিতাদেশ বহাল থাকবে, সেখানে ভোট গ্রহণ বন্ধ রাখা হবে।ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ব্যবস্থা: তিন হাজার ২৫০টি ভোটকেন্দ্রের মধ্যে এক হাজার ১৮৭টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৭১২টি বেশি ঝুঁকিপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনের আলোকে ইসি এর তালিকা করেছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় থাকবেন সেনাসদস্য।নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে।কর্মকর্তাদের খসড়া তালিকা: এদিকে নির্বাচনের জন্য তিন হাজার ২৫০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ১৬ হাজার ২৩৩ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৩২ হাজার ৪৬৬ জন পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। জেলা নির্বাচন কর্মকর্তারা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে নির্বাচনী কর্মকর্তাদের নামের খসড়া তালিকা তৈরি করেছেন। আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের অনুমোদনের পর এই কর্মকর্তাদের কাজে নিয়োগ দেওয়া হবে। এবার নির্বাচনী কর্মকর্তাদের বেশির ভাগই স্কুলশিক্ষক। এর বাইরে সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরাও রয়েছেন। বিতর্কিত কোনো প্রতিষ্ঠানে কর্মরত, রাজনৈতিকভাবে পরিচিত কিংবা সম্ভাব্য প্রার্থীর প্রতিষ্ঠানে কাজ করেন, এমন কাউকে এবার তালিকায় না রাখতে বলা হয়েছিল।পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব আবদুল বাতেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘যাতে করে বিতর্কিত কেউ নির্বাচনী দায়িত্ব না পান, সেটা দেখতে বলা হয়েছে।’