তিন হাজার মানুষের জন্য একজন পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলায় তিন হাজার মানুষের নিরাপত্তায় গড়ে পুলিশের একজন সদস্য কাজ করছেন। বগুড়া শহরের আট লাখ বাসিন্দার জন্য আছেন মাত্র ৩০০ জন পুলিশ। রাজনৈতিক কর্মসূচি সামাল দেওয়া ও অপরাধ দমনের জন্য পুলিশের পর্যাপ্ত যানবাহন নেই। এ অবস্থায় ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে গত সাড়ে তিন মাসে ৩০টি হামলার ঘটনায় ১৪১ জন পুলিশ আহত হয়েছেন।বগুড়ার পুলিশ সুপার মোজামেঞ্চল হক জানান, বর্তমানে বগুড়া শহরের লোকসংখ্যা ও অপরাধপ্রবণতা মহানগর এলাকার চেয়ে কোনো অংশে কম নয়। যেকোনো মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যেখানে তিন হাজার পুলিশ দেওয়া হয়, সেখানে বগুড়া শহরে রয়েছে মাত্র ৩০০ পুলিশ। এ সমস্যা সমাধানে বগুড়া পুলিশকে মহানগর পুলিশে রূপান্তর করা দরকার। বগুড়া জেলা তথ্য বাতায়ন সূত্রে জানা গেছে, জেলার ১২ উপজেলায় লোকসংখ্যা ৩০ লাখ ১৩ হাজার ৫৬ জন। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ায় পুলিশ সুপারের কার্যালয়ের অধীন ১২টি থানা, ১৩টি ফাঁড়ি, গোয়েন্দা বিভাগ (ডিবি) ও বিশেষ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয় রয়েছে। এসব কার্যালয়ে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সহকারী উপপরিদর্শক, উপপরিদর্শক, কনস্টেবলসহ পুলিশের এক হাজার ৭৭০টি পদ রয়েছে। এর মধ্যে ১০০ পদ শূন্য আছে। প্রেষণে শান্তিমিশন ও প্রশিক্ষণে আছেন আরও ৭০ জন। পুলিশ সুপারের কার্যালয়, থানা, পুলিশ লাইনসের দাপ্তরিক কাজ, অস্ত্রাগার পাহারা ও কর্মকর্তাদের নিরাপত্তায় কাজ করেন আরও ৫০০ জন। বাকি এক হাজার পুলিশ জেলাজুড়ে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। সে হিসেবে গড়ে প্রতি তিন হাজার মানুষের নিরাপত্তায় কাজ করছেন মাত্র একজন পুলিশ। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া, জলকামান, সাঁজোয়া যান, বুলেটপ্রুফ জ্যাকেট, সাউন্ড গ্রেনেড, দাঙ্গারোধী পোশাক ও লেগগার্ডের মতো সরঞ্জামের চাহিদা পাঠানো হয় পুলিশপ্রধানের কার্যালয়ে। পুলিশ সুপার মোজামেঞ্চল হক জানান, চাহিদার বিপরীতে পুলিশের প্রধান কার্যালয় থেকে একটি সাঁজোয়া যান ১৬ এপ্রিল পাঠানো হয়েছে। এ ছাড়া কিছু কাঁটাতারের বেড়া, দাঙ্গারোধী পোশাক, সাউন্ড গ্রেনেড পাওয়া গেছে। তবে বগুড়ার বর্তমান পরিস্থিতি মোকাবিলায় অন্তত একটি জলকামান খুব প্রয়োজন।