তিন হাজার ময়লা ফেলার পাত্র বসাবে ডিএনসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেওড়াপাড়ায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লাগানো ময়লা ফেলার পাত্র
শেওড়াপাড়ায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লাগানো ময়লা ফেলার পাত্র

সড়ক-ফুটপাতের পাশের দোকানদারেরা ময়লা-আবর্জনা ফেলেন সড়কে। ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা বা পাত্র না থাকায় পথচারীরাও যত্রতত্র ময়লা ফেলেন। সিটি করপোরেশন বলছে, এসব ময়লা-আবর্জনা নর্দমায় ঢুকে পানিনিষ্কাশনের পথ বন্ধ করে ফেলছে। তাই ঢাকা উত্তর সিটি করপোরেশন সড়ক-ফুটপাতে প্রায় তিন হাজার ময়লা ফেলার পাত্র বসানোর উদ্যোগ নিয়েছে।
ঢাকা উত্তরে দৈনিক আড়াই হাজার টনের মতো বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে দোকানের বর্জ্য ৭০০ থেকে ৮০০ টন বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। তিনি বলেন, সড়কের পাশের দোকানদারেরা ফুটপাত দখল করছেন। দিনের বেলা দোকানের মালিকেরা তাঁদের বর্জ্য যেখানে-সেখানে ফেলেন। ড্রেন উপচে পড়ছে ময়লায়। তাই ময়লা-আবর্জনা ফেলার ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, ডিএনসিসি এলাকাভুক্ত সড়কের দুই পাশের ২৩০ কিলোমিটার ফুটপাত এলাকায় দুই হাজার এবং বিপণিবিতানগুলোর সামনে এক হাজার ময়লা ফেলার পাত্র বসানোর উদ্যোগ নিয়েছে। এ বছরের মে মাসের মধ্যে এই তিন হাজার পাত্র বসানোর পরিকল্পনা রয়েছে। তবে ফুটপাতে বসানোর জন্য ইতিমধ্যে এক হাজার পাত্র বানানোর কাজ শুরু হয়েছে। আগামী মাসেই ঢাকার বিভিন্ন এলাকায় এসব ময়লা ফেলার পাত্র লাগানো হবে।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, ডিএনসিসি যেখানে-সেখানে ময়লা ফেলা ঠেকাতে এক হাজার ময়লা ফেলার পাত্র বানাচ্ছে। এগুলো শহরের বিভিন্ন জায়গায় বসানো হবে। সিটি করপোরেশন নির্দিষ্ট সময়ে সেখান থেকে আবর্জনা সংগ্রহ করবে।
ময়লার পাত্র বসানোর উদ্যোগকে ভালো চোখেই দেখছে নগরবাসী। মিরপুরের বাসিন্দা আশরাফুজ্জামান বলেন, ‘অনেক সময় দেখা যায় ময়লা ফেলার কিছু না থাকায় হাতে থাকা ময়লা রাস্তাতেই ফেলে দিই। পাত্র থাকলে তাতে ফেলব। তবে সবার আগে শহরবাসীর মানসিকতায় পরিবর্তন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলার অভ্যাস বদলাতে হবে।’
তবে ডিএনসিসি ময়লা ফেলার পাত্র বসানোর আগেই নিজ উদ্যোগে এলাকায় ময়লা ফেলার পাত্র বসিয়েছেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন রশীদ। দেখা যায়, শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় কিছু দূর পরপর বৈদ্যুতিক খুঁটির সঙ্গে গাঢ় সবুজ রঙের ময়লা ফেলার পাত্র টাঙানো। টিনের তৈরি এসব পাত্র মাটি থেকে চার-পাঁচ ফুট উচ্চতায় লোহার বেড় দিয়ে লাগানো হয়েছে। পাত্রের নিচ দিয়ে খোলার ব্যবস্থা আছে। পাত্র ময়লা-আবর্জনায় ভরে গেলে নিচের দিক দিয়ে খুলে পরিষ্কার করা হয়।
একটি পাত্রের পাশেই বসে ফল বিক্রি করছিলেন আহমদ আলী। তিনি বলেন, ‘সাত-আট দিন আগে সিটি করপোরেশনের লোকজন এগুলো লাগাইছে। এগুলোর মধ্যে ময়লা ফেলতে বইলা গেছে। দুই-তিন দিন পরপর আইসা ময়লা নিয়া যায়।’