তিন হাজার শিশুকে সাঁতারের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার তিন হাজার শিশুকে সাঁতার ও পানিতে পড়ে যাওয়া অপর শিশুদের উদ্ধারের কৌশল শিখিয়েছে একটি বেসরকারি সংস্থা। কয়েক মাস প্রশিক্ষণ নেওয়ার পর গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের পুকুরে শিশুরা সাঁতারের বিভিন্ন কৌশল প্রদর্শন করে।
জানা গেছে, সংস্থাটির নাম সেন্টার ফর ম্যাস এডুকেশস ইন সায়েন্স (সিএমইএস)। সংস্থার প্রশিক্ষকেরা কয়েক মাস ধরে উপজেলার ছয়টি ইউনিয়নের পাঁচ থেকে ১০ বছর বয়সী তিন হাজার শিশুকে সাঁতার এবং পানিতে পড়ে যাওয়া শিশুকে উদ্ধারের কৌশল শিখিয়েছে।
সিএমইএসের আমতলী ইউনিট অর্গানাইজার বিদ্যুৎ রায় জানান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ইউনিসেফ এবং ইউরোপীয় কমিশনের সহায়তায় আমতলী উপজেলার ছয়টি ইউনিয়নের তিন হাজার শিশুকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত বছরও উপজেলার তিন হাজার শিশুকে প্রশিক্ষণ দেওয়া হয়।
সিএমইএসের আমতলী সার্কেল ওয়ার্কিং কমিটির সভাপতি নজরুল ইসলাম তালুকদার জানান, প্রাকৃতিক দুর্যোগ প্রবণ আমতলী উপজেলায় যেকোনো সময় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। এই প্রশিক্ষণ নিয়ে উপজেলার শিশুরা আপৎকালীন ঝুঁকি মোকাবিলা করতে পারবে।