তিন হাজার হেক্টরের ধান পানির নিচে
টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও ফসল রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় মঙ্গলবার বিকেলে ও রাতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে পানি ঢুকে পড়েছে। এতে প্রায় তিন হাজার হেক্টরের বোরোধান তলিয়ে গেছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় ঝুঁকিতে আছে সুনামগঞ্জের প্রায় সব হাওরের ফসল। সুনামগঞ্জ কৃষি বিভাগের উপপরিচালক এস এম আফসারুজ্জামান জানান, তাঁদের কাছে জেলার নয়টি হাওরে ঢলের পানি ঢুকে পড়ার খবর আছে। তবে জেলায় গড়ে ৭০ ভাগ ধান কাটা হয়ে গেছে বলে দাবি করেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে দিরাই উপজেলার বরাম হাওরের খেজাউরা-রনভূমি গ্রামের পাশে ফসল রক্ষা বাঁধ ঢলের পানির তোড়ে ভেঙে যায়। এরপর হাওরে পানি ঢুকে প্রায় দেড় হাজার হেক্টর জমির পাকা ধান পানিতে তলিয়ে যায়। এই হাওরে সাড়ে চার হাজার হেক্টর জমিতে বোরোধানের আবাদ হয়েছিল। দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস জানান, বরাম হাওরের প্রায় ৪০ ভাগ ফসল তলিয়ে গেছে। মানুষজন তাড়াহুড়া করে আধাপাকা ধান কাটার চেষ্টা করছে।শাল্লা উপজেলার জুয়ারিয়া, বেরামোহনা ও ছায়ার হাওরের ফসল রক্ষা বাঁধের ওপর দিয়ে ঢলের পানি প্রবাহিত হচ্ছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মনাফ জানিয়েছেন। জগন্নাথপুরের মইয়া, ডলুয়া, আধাকান্দি, কাটাবন, কালিয়ার হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে প্রায় এক হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে বলে স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে। উপজেলার বৃহত্তম ধানের হাওর বলে পরিচিত নলুয়ার হাওরের ফসলও ঝুঁকির মুখে রয়েছে বলে জানা গেছে। ধরমপাশা উপজেলার গুরমার হাওরের ‘আফর’ (বাঁধের নিচু অংশ) দিয়ে পানি ঢুকে হাওরে ফসল তলিয়ে যায়। এই হাওরে সোমবার রাত থেকে পানি ঢুকছে। দুই দিনে প্রায় ২৫০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে বলে কৃষকেরা জানিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার পাল অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) হাওরের আফরে কোনো কাজ না করায় ঢলের পানি ঢুকে ফসল তলিয়ে গেছে। স্থানীয় চামারদানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রভাকর তালুকদার বলেন, ‘হাওরের আফরে কাজ করার জন্য পাউবোকে লিখিতভাবে জানিয়েছিলাম। তারা সেটি আমলে নেয়নি।’তাহিরপুর উপজেলার বলধা, কলমা ও বর্ধিত গুরমার হাওরের ঢলের পানি ঢুকে প্রায় ২০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। বিশ্বম্ভরপুর উপজেলার মিনাজুরী ও মুক্তিখোলা গ্রামের পাশের খাল দিয়ে ঢলের পানি ঢুকছে। খরচার হাওরের ফসল নিয়ে আতঙ্কে আছেন কৃষকেরা। একই উপজেলার আঙ্গারুলি হাওরে মঙ্গলবার রাতে ঢলের পানি ঢুকে প্রায় ২০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘সব হাওরই ঝুঁকিপূর্ণ, ফসল রক্ষা বাঁধ রক্ষায় আমাদের লোকজন কাজ করছে। ধরমপাশার গুরমার হাওরে আফরের কাজ করার জন্য এবার কোনো বরাদ্দ না থাকায় কাজ করা যায়নি। আগামী বছর এখানেও কাজ হবে।’[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন সুনামগঞ্জ, দিরাই, ধরমপাশা, জগন্নাথপুর ও তাহিরপুর প্রতিনিধি]