স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি বারডেম, মিটফোর্ড ও রাজশাহী মেডিকেল কলেজের অপ্রীতিকর ঘটনায় ২২ দফা সুপারিশ করেছে। মন্ত্রণালয়ের পৃথক তদন্ত কমিটি প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে মারধরের ঘটনায় জড়িত চিকিৎসক শফিউল আজমের সনদ বাতিলের কথা বলেছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় তদন্ত কমিটিগুলোর সুপারিশ পড়ে শোনান। সভায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতাসহ অন্যান্য চিকিৎসক নেতা, সাংবাদিক নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিক এবং মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত মার্চ ও এপ্রিল মাসে পৃথক ঘটনায় বারডেম হাসপাতালে রোগীর আত্মীয়স্বজনেরা চিকিৎসকদের এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা সাংবাদিকদের মারধর করেন। গতকাল স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২১ এপ্রিল সাংবাদিক ও চিকিৎসক নেতাদের সভায় ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত হয়। তদন্ত কমিটিতে সাংবাদিক, চিকিৎসক ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
তদন্ত কমিটি বারডেম হাসপাতালে নিরাপত্তা সতর্কসংকেত চালু, জরুরি সংকট ব্যবস্থাপনা ইউনিট গঠন ও নিয়োগ নীতিমালা পরিবর্তনের সুপারিশ করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা ব্যয় বহনের সঙ্গে সঙ্গে চিকিৎসকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে মিটফোর্ড হাসপাতালের ঘটনায় জড়িত চিকিৎসকদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। ভাঙচুর হওয়া ক্যামেরা, বুম ও মুঠোফোনের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে।
তদন্ত প্রতিবেদন প্রকাশ করার জন্য সাংবাদিক ও চিকিৎসক নেতারা মন্ত্রী ও মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এক অংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ এবং বিএমএর সভাপতি মাহমুদ হাসান, মহাসচিব ইকবাল আর্সলান, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন। সাংবাদিক ও চিকিৎসক নেতারা তদন্ত কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রীকে অনুরোধ করেন।
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক শিশির মোড়লকে মারধরের ঘটনায় জড়িত চিকিৎসকের সনদ বাতিলের কথা বলেছে পৃথক তদন্ত কমিটি। শিকদার মেডিকেলের ঘটনা তদন্তে গঠিত দুই সদস্যের কমিটি ১৫ জুন প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডাক্তার কর্তৃক সাংবাদিককে মারধর ও আটক করে রাখার ঘটনা প্রমাণিত হয়েছে।’ আর সুপারিশে বলা হয়েছে, ‘ডা. শফিউল আজমের চিকিৎসা সনদ বাতিলের জন্য বিএমডিসিকে অনুরোধ করা যেতে পারে।’