তিন হিজড়ার স্বপ্নপূরণে এগিয়ে এল তিন প্রতিষ্ঠান
কক্সবাজারের তিনজন হিজড়ার স্বপ্নপূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তিনটি প্রতিষ্ঠান।
গত ২৯ জুন কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় জেলা প্রশাসক মো. আলী হোসেন তিনজন হিজড়ার লেখাপড়ায় সহযোগিতা করার দায়িত্ব দেন তিনটি প্রতিষ্ঠানকে।
ওই তিন হিজড়া হলেন মো. এ্যানি, রহিম উল্লাহ ও আবদুল্লাহ।
জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত হিজড়াদের জীবনমান উন্নয়ন-সংক্রান্ত ওই কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশা ও সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
মো. এ্যানি কক্সবাজার সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে তিনি আইন পেশায় যুক্ত হতে চান। তাঁর স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে।
রহিম উল্লাহ কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। তাকে লেখাপড়া করানোর দায়িত্ব দেওয়া হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রকে।
আর মো. আবদুল্লাহ কক্সবাজার সরকারি কলেজে বিএসএস (পাস) কোর্সে পড়ছেন। তিনি সরকারি কর্মকর্তা হতে চান। স্বপ্নপূরণে তাঁকে সহযোগিতার দায়িত্ব দেওয়া হয় কক্সবাজারের আইসিটি অ্যান্ড কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্রের প্রধান পরিচালককে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, শিক্ষাজীবন শেষে চাকরি পাওয়া পর্যন্ত তিনজনকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।