তিন 'বিদ্রোহী' মোকাবিলায় আ.লীগের বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র আবদুল মান্নান হাওলাদার।
দলীয় এই সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে দলের তিন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগের একটি অংশ প্রার্থিতা নিয়ে বিরোধে জড়িয়ে যাওয়ায় ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ গতকাল শনিবার বর্ধিত সভা করেছে। স্থানীয় সাংসদ নাহিম রাজ্জাক বর্ধিত সভায় উপস্থিত ছিলেন। আর দলীয় প্রার্থী বদলের দাবিতে বিদ্রোহী এক প্রার্থীর সমর্থকেরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ভেদরগঞ্জ পৌরসভায় দলীয় মনোনয়ন না পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান ব্যাপারী, সহসভাপতি আবদুল জব্বার রাড়ি ও অর্থবিষয়ক সম্পাদক আবুল বাশার চোকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগের স্থানীয় একটি অংশ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় উপজেলা আওয়ামী লীগ গতকাল দলীয় কার্যালয়ে বর্ধিত সভা করেছে। সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বিদ্রোহী তিন প্রার্থীর সমর্থক-নেতারা বর্ধিত সভায় উপস্থিত হননি। স্থানীয় সাংসদ নাহিম রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও সহসভাপতি খোকা শিকদার এতে উপস্থিত ছিলেন।
দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আবুল বাশার চোকদারের সমর্থকেরা।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলার সময় ওই স্থান দিয়ে যাচ্ছিলেন সাংসদ নাহিম রাজ্জাক। মানববন্ধন পালনকারী নেতা-কর্মীরা এ সময় প্রায় ২০ মিনিট তাঁর গাড়ি ঘিরে রাখেন। সাংসদ নাহিম রাজ্জাক গাড়ি থেকে নেমে সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। পরে তিনি উপজেলা পরিষদের ডাকবাংলোতে আসেন।
স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান ব্যাপারী বলেন, ‘তৃণমূলের মতামত উপেক্ষা করে বর্তমান মেয়রকে মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ এই মনোনয়ন মানে না। তাঁকে পরিবর্তন করতে হবে। না হলে আমরা আলাদাভাবে নির্বাচন করব।’
স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল জব্বার রাড়ি বলেন, ‘আমাদের সবার দাবি প্রার্থীর পরিবর্তন। তা না হলে আমার স্বতন্ত্র তিনজন মিলে একজনের জন্য কাজ করব। সাংসদের ছাড়াও জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছি।’
স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক আবুল বাশার চোকদার বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীরা আমার পক্ষে রয়েছেন। দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে তাঁরা শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কোনো অবস্থাতেই আমরা নির্বাচনী মাঠ ছাড়ব না।’
শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, বর্ধিত সভা করে নেতা-কর্মীদের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। দলের শৃঙ্খলা ভেঙে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।