ঢাকার সাভারের বাহেরচর থেকে মানিক হোসেনকে (৩) অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের একজন গতকাল সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গত রোববার রাতে বাহেরচর এলাকা থেকে রমজান আলী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে গতকাল ওই এলাকা থেকে আটক করা হয় মিলন (২০) ও হানিফ আলী (৪০) নামের দুজনকে। তাঁদের বাড়িও বাহেরচর এলাকায়।
মানিকের বাবা শফিকুল ইসলাম বলেন, তাঁর ছেলেকে গত ৩০ জুন অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। ৬ জুলাই তাঁদের বাড়ির পাশে একটি ডোবার কাছে ছেলের লাশ পাওয়া যায়। এরপর তিনি সাভার মডেল থানায় মামলা করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, রমজান গতকাল ঢাকার মুখ্য বিচারিক হাকিম মাসুদ পারভেজের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, আগের শত্রুতার জের ধরে মিলন, হানিফসহ আরও দুজনকে নিয়ে তিনি মানিককে হত্যা করেছেন। এরপর লাশ গ্রামেরই একটি ডোবার পাশে ফেলে রাখেন।