তিনজন এমডিসহ ছয় ব্যাংকের সাত কর্মকর্তাকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় তিনটি ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ছয়টি ব্যাংকের সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঋণ জালিয়াতির সময় তাঁরা সবাই প্রাইম ব্যাংকে কাজ করতেন।

যাঁদের তলব করা হয়েছে তাঁরা হলেন ব্র্যাক ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, মার্কেন্টাইল ব্যাংকের এমডি এহসানুল হক, ব্যাংক এশিয়ার এমডি মো. মাহমুদ হোসেন, প্রিমিয়ার ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) রিয়াজুল করিম, আল আরাফা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) গোলাম রব্বানী, প্রাইম ব্যাংকের শরিয়া বোর্ডের সেক্রেটারি নাসিরুদ্দিন আহমেদ এবং প্রাইম ব্যাংকের সাবেক কর্মকর্তা মাহবুবুল আলম।

গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তলবের চিঠি পাঠানো হয়েছে। দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা ওই চিঠিতে তাঁদের ২৬ মে দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।

দুদক সূত্র জানায়, বিসমিল্লাহ গ্রুপের এক হাজার ২০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় মোট ছয়টি ব্যাংক জড়িত। এগুলো হচ্ছে জনতা ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক। ইতিমধ্যে দুদকের অনুসন্ধান দল ওই ব্যাংকগুলোর নথি পর্যালোচনা করে অর্ধশতাধিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে এ অনুসন্ধান টিমের অন্য সদস্যরা হলেন সহকারী উপপরিচালক তৌফিকুল ইসলাম, গুলশান আনোয়ার প্রধান, উপসহকারী পরিচালক সরদার মঞ্জুর আহমেদ ও মো. আল আমিন।