তিনজন কাউন্সিলর প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় সাধারণ ওয়ার্ডের তিনজন কাউন্সিলরের শিক্ষাগত যোগ্যতা গত পাঁচ বছরে কমে গেছে। এর আগেরবার প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোনো ওই প্রার্থীরা এবার ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন’।

২০১১ সালে ও চলতি বছর রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া প্রার্থীদের হলফনামা ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে। এই পাঁচ বছরে একজন কাউন্সিলর প্রার্থীর পেশা ব্যবসা থেকে কৃষি হয়েছে।

পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক বলেন, এ পৌরসভার নয়টি সাধারণ ওয়ার্ডে ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আটটিতে বর্তমান কাউন্সিলররা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সামছুল ইসলাম গতবার অষ্টম শ্রেণি পাস ছিলেন। এবার তিনি ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন’। তাঁর পেশা কৃষি। এ খাত থেকে বছরে তাঁর ৫০ হাজার টাকা আয় হয়। বাড়িভাড়া থেকে পান ৪৮ হাজার টাকা। ব্যাংকে জমা আছে এক লাখ টাকা।

সামছুল ইসলাম বলেন, ‘গত নির্বাচনের সময় হলফনামার সঙ্গে অষ্টম শ্রেণি পাসের প্রত্যয়নপত্র দিয়েছিলাম। এবার সেটি খুঁজে পাইনি। তাই শিক্ষাগত যোগ্যতা “স্বাক্ষরজ্ঞানসম্পন্ন” উল্লেখ করেছি।’

৬ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম খান আগে অষ্টম শ্রেণি পাস ছিলেন। এখন তিনি ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন’। পেশা ব্যবসা। এ খাত থেকে তাঁর বছরে আয় এক লাখ টাকা। এ ছাড়াকৃষি থেকে বছরে ৫০ হাজার টাকা ও সৌদি আরবপ্রবাসী ছোট ভাইয়ের উপার্জন থেকে ১ লাখ ১০ হাজার টাকা আয় হয়।

জহিরুল ইসলাম খান বলেন, তাঁরও আগেরবারের শিক্ষাগত যোগ্যতাই ঠিক ছিল। কিন্তু এবার তাঁর প্রত্যয়নপত্র খুঁজে পাওয়া যায়নি। তাই এবার স্বাক্ষরজ্ঞানসম্পন্ন উল্লেখ করেছেন।

৭ নম্বর ওয়ার্ডের শামীম আহমদ চৌধুরী ২০১১ সালের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা ‘দশম শ্রেণি’ পাস উল্লেখ করেন। এবার তিনি ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন’ উল্লেখ করেছেন। তাঁর ব্যবসা ঠিকাদারি। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় বছরে ২ লাখ ১০ হাজার টাকা।

শামীম আহমদ চৌধুরী বলেন, ‘আগে ভোটার আইডি কার্ডে ভুলে শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পাস উল্লেখ করা হয়েছিল। পরে অ্যাফিডেভিটের মাধ্যমে তা সংশোধন করেছি। এর কপি হলফনামার সঙ্গে দিয়েছি।’

১ নম্বর ওয়ার্ডের ফয়জুর রহমান ‘স্বশিক্ষিত’। আগেরবার তাঁর পেশা ছিল ব্যবসা। এবার তা বদলে ‘কৃষি’ হয়েছে। অন্যান্য খাত থেকে বছরে তাঁর আয় হয় ২ লাখ ৫৫ হাজার টাকা। নিজের নামে ২ লাখ ২০ হাজার টাকার স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতু আছে।

ফয়জুর রহমান বলেন, গতবার তাঁর একটি দোকান ছিল। এবার সেটি ভাড়া দিয়েছেন। তাই পেশা ব্যবসা না লিখে কৃষি উল্লেখ করেছেন।