বেশি বাল্যবিবাহ হয় বিশ্বের এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। তিনজন কিশোরীর মধ্যে দুজনের বিয়ে হয় ১৮ বছর হওয়ার আগেই। আর ১০ কিশোরীর তিনজনের বিয়ে হচ্ছে ১৫ বছরের আগে।ইউনিসেফের ‘কৈশোর: সম্ভাবনার সময়’ শীর্ষক বিশ্ব শিশু পরিস্থিতি ২০১১ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈশ্বিক এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ইউনিসেফের মতে, ১০ থেকে ১৯ বছর বয়সসীমার ছেলেমেয়েরা কিশোর-কিশোরী। অনুষ্ঠানে প্রতিবেদনের মূল বিষয়গুলো উপস্থাপন করেন ইউনিসেফের যোগাযোগ ব্যবস্থাপক আরিফা এস শারমীন। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের মৃত্যুর অন্যতম কারণ গর্ভধারণ ও সন্তান প্রসবকালীন জটিলতা। গর্ভধারণের বিষয়ে নিজেদের পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকায় অনেক কিশোরীকে অনিরাপদ গর্ভপাতের আশ্রয় নিতে হয়। এদের স্বাস্থ্যঝুঁকি মারাত্মক।অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী বলেন, আইন করেও বাল্যবিবাহ বন্ধ করা যাচ্ছে না। তিনি বলেন, ইউনিসেফের সহযোগিতায় দেশের বিভিন্ন জেলায় কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে।