তিনজন গ্রেপ্তার, রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার এ তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।শেরেবাংলা নগর থানা সূত্র জানায়, ফজলুল হক হত্যার ঘটনায় তাঁর স্ত্রী নীলা হক বাদী হয়ে গত শনিবার রাতে থানায় মামলা করেছেন। শুক্রবার দুপুরে পশ্চিম আগারগাঁওয়ে বাইতুন নূর জামে মসজিদের কাছে দুটি মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীদের দুজন মাথায় ও পিঠে রিভলবার ঠেকিয়ে গুলি করে আওয়ামী লীগের নেতা ফজলুলকে হত্যা করে। এজাহারে বলা হয়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল করিম গতকাল প্রথম আলোকে বলেন, ফজলুল হক হত্যাকাণ্ডের পর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রাতে তিনজনকে আটক করে। তাঁরা হলেন ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ হাজির জামাতা জাহাঙ্গীর আলম, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নিয়ামত হোসেন ওরফে রাজু এবং তাঁর সহযোগী সালাহউদ্দিন। হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাঁদের এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া ওই তিনজনকে গতকাল ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে মহানগর হাকিম শামীম আরা পারভীন প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। হত্যা মামলাটি থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ তদন্ত করছে।ফজলুল হক হত্যার কয়েক দিন আগে ৮ জানুয়ারি ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ হাজি আগারগাঁওয়ে বিএনপি বাজার সমিতির কার্যালয়ে গুলিবিদ্ধ হন। তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।ডিবির কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, নূর মোহাম্মদের আহত হওয়ার ঘটনাটি সাজানো। ফজলুল হক হত্যাকাণ্ডে তাঁর হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ কারণে তাঁকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।তদন্তকারী কর্মকর্তারা জানান, নূর মোহাম্মদ আসন্ন ঢাকা সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করা নিয়ে ফজলুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন। হত্যাকাণ্ডের এটি প্রধান কারণ।