ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চম্পা রানী দেব (২৮) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া তাঁর দেবর রাজীব কর্মকারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত মঙ্গলবার চম্পা রানীর বাবা সোহাগ চন্দ্র দেব বাদী হয়ে চম্পার স্বামী স্বপন, শ্বশুর হরিদাস, শাশুড়ি অঞ্জলি রানী ও দেবর রাজীবকে আসামি করে আশুগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ওই দিনই পুলিশ আশুগঞ্জের পূর্ব বাজার মহল্লার চম্পার স্বামীর বাড়ি থেকে হরিদাস, অঞ্জলি ও রাজীবকে গ্রেপ্তার করে।
চম্পার বাবার বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি গ্রামে। আট বছর আগে স্বপনের সঙ্গে চম্পার বিয়ে হয়। এজাহারে উল্লেখ করা হয়, মূলত যৌতুক হিসাবে টাকা চেয়ে না পেয়ে ক্ষুব্ধ হয়ে শ্বশুরবাড়ির লোকজন গায়ে কেরোসিন ঢেলে চম্পাকে পুড়িয়ে মেরেছে। অভিযোগ অস্বীকার করে পুলিশ হেফাজতে অঞ্জলি রানী কর্মকার জানান, স্বপন ও চম্পা তাঁদের সঙ্গে থাকতেন না। তাঁরা একই ভবনের আলাদা ফ্ল্যাটে থাকতেন। নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের কথা তাঁরা জানতেন। ওই রাতে কীভাবে চম্পার গায়ে আগুন লাগল, তা তাঁরা জানেন না বলে দাবি করেন।
সোহাগ চন্দ্র দেব জানান, যৌতুক হিসাবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছিল। ঋণ করে এক লাখ টাক দিয়েছি। এ নিয়ে গত বৃহস্পতিবার স্বপনের বাসায় দুই পরিবারের মধ্যে সালিস হয়। আমার পক্ষে আর টাকা দেওয়া সম্ভব নয় বলায় স্বপন ক্ষুব্ধ হয়। ওই রাতেই চম্পার শরীরে কেরাসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বপন। মৃত্যুর আগে চম্পা এমন কথা বলে গেছেন।