নারায়ণগঞ্জে আমানতকারীদের বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে বাদল চন্দ্র রায়, তাঁর স্ত্রী ও ছেলেকে গত মঙ্গলবার ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়েছে।ওই তিনজনকে গতকাল বুধবার নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত আজ বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন এ তথ্য জানিয়েছেন।এর আগে মঙ্গলবার ভোরে ধামরাইয়ের একটি বাড়ি থেকে বাদল (৪৫), তাঁর স্ত্রী (৩৫) ও ছেলে কৃষ্ণ রায়কে (২৫) গ্রেপ্তার করে ফতুল্লা থানার পুলিশ। বিকেলে তাঁদের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির করা হয়।সংবাদ সম্মেলনে বাদল রায় বলেন, তিনি আগে তরকারি বিক্রি করতেন। বছর বিশেক আগে নারায়ণগঞ্জ শহরে সমিতি করা শুরু করেন। নামবিহীন ওই সমিতির সদস্যরা প্রতিদিন ১০ টাকা, ২০ টাকা ও ৫০ টাকা করে তাঁর কাছে জমা রাখতেন। ওই টাকা দিয়ে তিনি ডাল, বাদামসহ বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন। সদস্যদের টাকার লাভও দিতেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাদল রায় বলেন, সমিতিতে লোকসান হতে থাকে। এর মধ্যে তাঁর ভাই বিদ্যুৎ চন্দ্র রায় সমিতির মোটা অঙ্কের টাকা নিয়ে পালিয়ে যান। এর পর থেকে আমানতকারীরা টাকা ফেরতের জন্য তাঁকে চাপ ও হুমকি দিতে থাকেন। এই ভয়ে অসুস্থতার ভান করে ৮ নভেম্বর অ্যাম্বুলেন্সে করে বাড়ি থেকে পালিয়ে প্রথমে মানিকগঞ্জে, পরে ধামরাইয়ে যান।বাদল দাবি করেন, বর্তমানে তাঁর কাছে নগদ কোনো টাকা নেই। কোনো টাকা বিদেশেও পাচার করেননি। সমিতির সম্পদ বলতে শহরের নন্দীপাড়ায় ছয় শতাংশ জমির ওপর একটি বাড়ি, পঞ্চগড়ের দেবীগঞ্জে বাদাম ভাঙানোর একটি মিল ও নয়টি ট্রাক আছে। এর মধ্যে আমানতকারীরা তাঁর কাছ থেকে চারটি ট্রাক নিয়ে গেছেন।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, বাদল স্ত্রী ও ছেলেকে নিয়ে দেশের বাইরে পালানোর চেষ্টা করেছিলেন। সমিতির সদস্যরা তাঁর কাছে কী পরিমাণ টাকা জমা রেখেছেন ও সমিতির কী পরিমাণ সম্পদ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।সমিতির সদস্যদের টাকা নিয়ে পালানোর পর গত শনিবার সন্ধ্যায় শতাধিক আমানতকারী দেওভোগ আখড়া এলাকায় তাঁর ভাড়া বাসায় হামলা চালান। এর আগে ক্ষতিগ্রস্ত এক আমানতকারী বাদলসহ ১২ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করেন।